২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ চোখের ভয়ংকর ‘ভূত’ শাকিব

কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) প্রযোজিত ‘নাকাব’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশিত হলো ২৮ জুলাই রাতে। চলচ্চিত্রটিতে ভিন্নধর্মী লুকে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 08:39 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

কলকাতার ছবি হলেও নায়ক শাকিব খান, তাই বাংলাদেশের দর্শকদেরও চলচ্চিত্রটি নিয়ে কম আগ্রহ নেই। রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘নাকাব’ চলচ্চিত্রে শাকিব খান হাজির হলেন ভয়ংকর মূর্তি নিয়ে। না হিরো না ভিলেন, শাকিব এলেন ভুত হয়ে। সবুজ চোখে, ধারালো দাঁত আর লম্বা চোয়ালে এ শাকিবকে সত্যিই চেনা কঠিন।

তাই বলে, চলচ্চিত্রটিতে শুধু ভূত হিসেবেই যে হাজির হচ্ছেন শাকিব বিষয়টি তেমনও নয়। ছবির কাহিনিতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন।

হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি মার্ডার করেছিল। আর দেখতে হুবহু তার মতো! এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি এ নায়ক।

ট্রেলারে প্রকাশিত হলো তারই বিভিন্ন খণ্ডচিত্র।

চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতি অভিনয় করেছেন টলিউড হিরোইন নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি কলকাতায় মুক্তি পাচ্ছে ২৪ আগস্ট।