কে হবেন নতুন ‘মাসুদ রানা’?
৪৪ বছর পর বড়পর্দায় আসছে জনপ্রিয় থ্রিলারের চরিত্র ‘মাসুদ রানা’। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করবে কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজ থেকে তিনটি চলচ্চিত্র।
মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের বর্ণনায়- “বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তর। বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কোমলে-কঠোরে মেশানো নিষ্ঠুর-সুন্দর তার অন্তর। একা; টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। কোথাও অন্যায় অবিচার দেখলে রুখে দাঁড়ায়। পদে পদে তার বিপদ শিহরণ ভয় আর মৃত্যুর হাতছানি।”
এমন এক চরিত্রকে কে রূপায়ন করতে পারবেন রুপালি পর্দায়? তা নিয়ে এখন ভাবতে হচ্ছে জাজ মাল্টিমিডিয়াকে। মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’, ‘ভারতনাট্যম’ ও ‘স্বর্ণমৃগ’ অবলম্বনে ৩টি চলচ্চিত্র নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। জাজ জানায়, তিনটি চলচ্চিত্রে একজন নায়ককেই বেছে নিবেন তারা।
বাংলাদেশে মাসুদ রানার প্রথম চলচ্চিত্রায়ন ঘটে ১৯৭৪ সালে; সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে ‘মাসুদ রানা’ নামে চলচ্চিত্রটি তৈরি করেন চিত্রনায়ক মাসুদ পারভেজ বা সোহেল রানা। চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে জনপ্রিয় এ নায়কের। এরপর মাসুদ রানা নিয়ে আর কোনো চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি; ছোট পর্দায় আতিকুল হক চৌধুরী সিরিজের পিশাচ দ্বীপ নিয়ে একটি নাটক বানিয়েছিলেন, তাতে মাসুদ রানা হয়েছিলেন মডেল আদিল হোসেন নোবেল।
জাজের নির্মাণে এবার কে হতে যাচ্ছেন মাসুদ রানা, তা নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটবে চলতি বছরেই।
জাজ জানায়, ২০১৮ সালেই শুরু হচ্ছে মাসুদ রানা সিরিজের ধ্বংসপাহাড় অবলম্বনে প্রথম চলচ্চিত্রটি নির্মাণের কাজ।
প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ গ্লিটজকে বলেন, “৬০, ৭০, ৮০, ৯০ দশকের বাংলাদেশের মানুষেরা বড় হয়েছে মাসুদ রানা পড়ে । এখনো বিশাল একটি জনগোষ্ঠী পড়ে মাসুদ রানা। এখনো নতুন মাসুদ রানার প্রথম এডিশনে ২০ হাজার কপি ছাপা হয়। এই দেশে এটি এখনো একটি অনেক বড় সংখ্যা। আমাদের নিজেদের কোন সুপার হিরো নেই, নেই সুপারম্যান, স্পাইডারম্যান। আমাদের কাছে সুপার হিরো মানেই মাসুদ রানা। তাই তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে সচেষ্ট হয়েছি।”
তিনি আরও বলেন, “মূলত কাজীদা (কাজী আনোয়ার হোসেন) কাউকে মাসুদ রানা বানানোর জন্য রাইট দেন না, কারণ কেউ নাকি ঠিকমতো রানাকে উপস্থাপন করতে পারবে না। জাজ এর শুরুতেই একটা বই এর রাইট এর জন্য যোগাযোগ করা হলে, উনি রাইট দেয়নি। তবে শুভ সংবাদ হলো, এখন কাজীদা জাজের উপর আস্থা রেখেছেন। উনার বিশ্বাস জাজ ঠিক মত মাসুদ রানা বানাতে পারবে। এই জন্য প্রথমে উনার ৩টি বইয়ের রাইট দিয়েছে ৫ বছরের জন্য।”
প্রথম চলচ্চিত্রটি নির্মাণে জাজ মাল্টিমিডিয়ার প্রাথমিক বাজেট ৫ কোটি টাকা। সম্প্রতি মাসুদ রানার সাথে যুক্ত হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। আজিজ জানান, শিগগিরই আরও কিছু ব্র্যান্ড চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।
তিনি জানান, গল্পের প্লট ঠিক রেখে নতুন করে গল্পের বিন্যাস করছে জাজ। ‘মাসুদ রানা’ মুক্তি দেওয়া হবে বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশে-একই দিনে।
