২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনটকিজের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

এক বছর আগে শুরু হওয়া ‘ইনটকিজ শর্টফিল্ম কনটেস্ট’ এর সব কার্যক্রম হঠাৎ বন্ধের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনের কিছু অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আয়োজকদের একজন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 08:39 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

আয়োজকরা প্রতিযোগীদের সিনেমা ইউটিউবে দেখিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে যে অভিযোগ কয়েকজন প্রতিযোগী করেছেন তা অস্বীকার করে এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক সুব্রত সরকার বলেছেন, তারা  ইউটিউব থেকে কোনো অর্থ আয় করেননি, কোনো এন্ট্রি ফিও প্রতিযোগীদের কাছ থেকে নেননি।

স্পন্সর জটিলতায় প্রতিযোগিতার কার্যক্রম হঠাৎ বন্ধ করে দিলেও এর পেছনে প্রতারণার কোনো উদ্দেশ্য নেই এবং নতুন স্পন্সর পেলেই প্রতিযোগিতার বাকি কার্যক্রম শেষ করতে চান বলেও প্রতিবাদলিপিতে জানিয়েছেন সুব্রত।        

গত ২৭ জুলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ‘চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে আয়োজক ‘লাপাত্তা’’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, সরকারের কাছ থেকে প্রতিযোগিতা আয়োজনের কোনো অনুমোদন না নিয়েই ২০১৭ সালে ‘ইনটকিজ শর্টফিল্ম কনটেস্ট’ শুরু হয় এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে চারশ নির্মাতা তাতে অংশ নেন।

প্রাথমিক বাছাইয়ের পর ৬০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইউটিউবে প্রকাশ করা হয় এবং তার মধ্যে তিনটি চলচ্চিত্রকে দর্শকদের ভোটে ‘পপুলার চয়েজ’ ক্যাটগরিতে বিজয়ী ঘোষণা করা হয় গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু এরপর বিচারকদের রায়ে বিজয়ীদের নাম ঘোষণা না করে এবং কোনো বিভাগেই বিজয়ীদের পুরস্কার না দিয়ে ইনটকিজের অফিশিয়াল ওয়েবসাইট, ফেইসবুবক পেইজ, ইউটিউব চ্যানেল বন্ধ করে দেন আয়োজকরা।

‘পপুলার চয়েজ’ ক্যাটগরিতে বিজয়ী দুই প্রতিযোগী অভিযোগ করেন, আয়োজকরা প্রতারণার মাধ্যমে একদিকে নির্মাতাদের ঠকিয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের নির্মাতাদের কাছে দেশের দুর্নাম করেছেন।

প্রতিবাদলিপিতে সুব্রত সরকার  বলেন, “আমরা কখনোই  ইউটিউবে মনিটাইজেশন চালু করিনি, তাই একটি টাকাও ইউটিউব থেকে উপার্জন সম্ভব নয়। আমাদের কোনো স্পন্সর ছিল না, আমরা কোনো এন্ট্রি ফি নেইনি। এছাড়া মনিটাইজেশন চালু করলেও টাকা উপার্জন করার কি কোনো উপায় আদৌ ছিল? যেখানে ভিউ সংখ্যা মাত্র ৭ হাজার ৩৪৬?”

ইউটিউবে মনিটাইজেশন চালু না করলে বিজ্ঞাপন দিয়ে চালানোরও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সুব্রত।

তিনি লিখেছেন, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নির্বাচিত ফিল্মগুলো শুধু ইউটিউবেই আপলোড করা হয়, অন্য কোনো সামাজিক মাধ্যমে নয়। তারপরও প্রতিযোগীদের অনুরোধে বেশ কিছু চলচ্চিত্র তারা পরে ইউটিউব থেকে সরিয়ে ফেলেন।

আয়োজকরা ‘লাপাত্তা’ হয়েছেন- প্রতিযোগীদের এমন অভিযোগের বিষয়ে সুব্রত সরকার বলেন, “আমাদের অফিস খোলা। ফোন খোলা। প্রতিযোগীরা যোগাযোগ করলে সবসময়ই ফোন ধরা হয়েছে। এমনকি প্রতিযোগিদের একজন সাইবার ক্রাইমে আমাদের নামে অভিযোগ করলে ক্রাইম ডিপার্টমেন্ট ইনকোয়ারিও আমরা ফেইস করেছি।”

ওযেবসাইট ও ফেইসবুক পেইজ বন্ধের ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা ফেইসবুক পেইজ আনপাবলিশড করে দেই কারণ কিছু প্রতিযোগী তাদের বন্ধু-বান্ধব নিয়ে আমাদেরকে অযাচিত আক্রমণ করার চেষ্টা করতে থাকে। যেহেতু আমাদের এইটা কোনো বাণিজ্যিক সংগঠন নয় এবং পেইজ মেনটেইন করার জন্য কোনো নিবেদিত পার্সন নেই তাই অশ্লীল আক্রমণ ঠেকাতে আমরা পেইজ হাইড করে দেই।

“ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও প্রতিযোগিতা শেষে প্রতিযোগীরা অপ্রত্যাশিতভাবে তাদের ফিল্মগুলো কপিরাইট ইস্যুতে রিপোর্ট করতে থাকে ইউটিউবে এবং আমাদের পেইজেও ফিল্ম নামিয়ে ফেলার জন্য ক্রমাগত চাপ তৈরি করতে থাকে। ফলশ্রুতিতে আমরা ইউটিউবে কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হয়ে, বাধ্য হয়ে আমাদের চ্যানেল বাঁচাতে সব ফিল্ম আমরা হাইড করে দেই।”

অনুমতি না নিয়েই আন্তর্জাতিক এ প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে সুব্রত সরকার বলেন, “আমরা আইনজীবী এবং শর্ট ফিল্ম ফোরামে খোঁজ নিয়ে জেনেছি অলাভজনক কোনো আয়োজন ও বাইরে প্রদর্শনী না করলে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।”

প্রতিবাদলিপিতে সুব্রত লিখেছেন, “বিডিনিউজের রিপোর্টার রুদ্র হক যোগাযাগ করলে আমরা নতুন পার্টনার নেওয়ার চেষ্টা করছি বলে উল্লেখ করেছিলাম। আমরা ব্যর্থ হলে না হয় আমাদের প্রতারক বানালেন। এভাবে আমাদের অনুরোধ সত্ত্বেও ফেইসবুক থেকে ছবি নিয়ে সেটাকে কভার করে জাতীয় প্রতারক বানানো কি খুব জরুরি ছিল?”

প্রতিবেদকের বক্তব্য

এ প্রতিযোগিতায় দর্শক জনপ্রিয়তায় যে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে প্রথম হওয়া সিনেমার নির্মাতা শাহদাত রাসেল এবং তৃতীয় হওয়া আবদুল্লাহ মাহফুজের অভিযোগগুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

তাদের অভিযোগের বিষয়ে আয়োজক সুব্রতর সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্যও ওই প্রতিবেদনে দেওয়া হয়েছে। প্রতিবাদলিপিতে সুব্রত যা বলেছেন, তার বেশিরভাগ বক্তব্য মূল প্রতিবেদনেই এসেছে।

পুরস্কার না দিয়েই হঠাৎ প্রতিযোগিতার কার্যক্রম বন্ধ করে দেওয়া, ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা সুব্রত নিজেই স্বীকার করেছেন এবং মূল প্রতিবেদনেও তা রয়েছে। এ আয়োজনের জন্য কোনো অনুমোদন যে নেওয়া হয়নি প্রতিবাদলিপিতেও তা স্বীকার করেছেন তিনি। 

কাওকে প্রতারক বানানো বা অপরাধী সাব্যস্ত করা সংবাদ মাধ্যমের কাজ নয় এবং তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করেওনি। তেমনিভাবে কোনো অনিয়ম হয়ে থাকলে কারও অনুরোধে তা প্রকাশ থেকে বিরত থাকাও সংবাদমাধ্যমের জন্য উচিৎ নয়।