আরটিভিতে ‘ভালোবাসার স্বপ্নজালে’
আরটিভিতে শুক্রবার রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে।’
নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর ও পরিচালনা করেছেন দীপু হাজরা।
নাটকের গল্পে দেখা যায়, বছর দুয়েক আগে বিয়ে হয় মাহি-তিথির। ঘটনাক্রমে ঘুরতে আসে নেপালে। সেখানে হঠাৎ ফারহান নামে তরুণ দু’জনের সামনে দাঁড়ায়।
ফারহান তিথির পুরানো প্রেমিক। তিথি তখন কী করবে ভেবে পায় না। কারণ তার স্বামী যদি বিষয়টি জানে তাহলে সে সমস্যায় পড়তে পারে। উপায় না পেয়ে ফারহানকে সে এড়িয়ে চলতে চায়।
ফারহানও নাছোড়বান্দা। সে তিথিকে অনুসরণ করে তার হোটেল পর্যন্ত পৌঁছে যায়। ফারহান চায় তিথি যেন তার সাথে বাইরে দেখা করে, তা না হলে সে মাহিকে সব ঘটনা বলে দেবে। বাধ্য হয়ে তিথি একদিন দেখা করে ফারহানের সাথে। ঘটনার মোড় নেয় ভিন্নদিকে।
নির্মাতা জানান, গল্পের দৃশ্যধারনের প্রয়োজনেই নেপালে নাটকটির শ্যুটিং হয়েছে। অভিনয়শিল্পীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, অপর্ণা ঘোষ, মনোজ কুমার প্রামানিক, আহসান আলমগীর।
বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।
