২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে শিশু কি নিজ বাসায়ও নিরাপদ?

বিভিন্ন ক্ষেত্রে নারীর ওপর যৌন নিপীড়ন, সহিংসতা ও হয়রানি ঠেকাতে সচেতনতামূলক নির্মাণ উদ্যোগ নিয়েছেন দেশের ৯ নির্মাতা। তারই ধারাবাহিকতায় নির্মিত হলো জসিম আহমেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘চকলেট’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 10:01 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

‘সিনেমা হোক অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের হাতিয়ার’- এই শিরোনামের আওতায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চকলেট’। নির্মাতা আফজাল হোসেন মুন্নার তৈরি করা চ্যালেঞ্জ প্ল্যাটফর্মে ‘হ্যাসট্যাগ আই স্ট্যান্ড ফর ওম্যান’ বক্তব্যকে সমর্থন করে ‘চকলেট’ ছবিটি নির্মাণ করেছেন জসিম আহমেদ।

মেয়ে শিশু কি নিজ বাসায়ও নিরাপদ? নিজ বাসায় ঘটে যাওয়া এমন ঘটনায় সারা জীবন সে কিভাবে ভোগ করে-এমন বিষয়বস্তুর উপর নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ‘চকলেট’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, চন্দা, আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, শিশু শিল্পী নদী।

নির্মাতা বলেন, “শিল্পী হিসেবে সমাজের প্রতি দায় থেকে আমি ‘আই স্ট্যান্ড ফর ওমেন’ আন্দোলেন যোগ দিয়েছি। নিজ ঘরে মেয়ে শিশুর উপর নির্যাতনের সুদূর প্রসারি প্রভাবে তার জীবনে কি ধরনের মানসিক প্রভাব পড়ে তা তুলে ধরতে চেস্টা করেছি। পোস্টারের থিম হলো চার পাশে হায়েনা। মা তার মেয়েকে আগলে রাখছে একুরিয়াম পালিত মাছের মত।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক পোস্ট থেকে একে অপরের প্রতি চ্যালেঞ্জের মাধ্যমে শুরু হয় এ প্রতিবাদী নির্মাণ। এ ধারাবাহিকতায় নির্মিত হয়েছে আফজাল হোসেন মুন্নার ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গার্ল’, খিজির হায়াত খানের ‘সে নো টু রেপ’, সাকি ফারজানার ‘দ্য পার্ক, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য গার্ল’, প্রতীক সরকারের ‘মুখোশ’, আশিকুর রহমানের ‘যে গল্পের কোনো নাম নেই’, রাজু আহসানের ‘লিপস্টিক’ এবং আসিফ খান নির্মাণ করেছেন ‘দ্য মাদার’।

চলচ্চিত্রগুলো শিগগিরই বিকল্প পদ্ধতিতে ঢাকাসহ সারাদেশে প্রদর্শনীর আয়োজন করা হবে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা জসিম আহমেদ।