২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ ছবি নয় অন্য ছবি: বুবলি

সম্প্রতি মহরতের পর শাকিব খানের বিপরীতে চলচ্চিত্র ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ছাড়লেন চিত্রনায়িকা বুবলি। গণমাধ্যমে বিষয়টিকে গুজব বলে প্রযোজক সেলিম খান উড়িয়ে দিলেও গ্লিটজের কাছে ঘটনার সত্যতা প্রকাশ করেছেন বুবলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 07:16 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

গত ২৬ জুন অনুষ্ঠিত হয় শাপলা মিডিয়ার প্রযোজনায় শাহিন সুমনের পরিচালনায় ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামের একটি চলচ্চিত্রের মহরত। চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলির সঙ্গে কথা চূড়ান্তও হয় নির্মাতা প্রতিষ্ঠানের। কিন্তু মহরতের পরপরই চিত্রনায়িকা বুবলি জানালেন, চলচ্চিত্রটি তার করা হচ্ছে না।

সিনেমাপাড়ায় গুঞ্জন উঠেছে-বিয়ে করে ফেলেছেন শাকিব-বুবলি। দু’জনের ভুল বোঝাবুঝির জেরেই ছবিটি ছেড়েছেন বুবলি। প্রযোজক সেলিম খানও বলছেন-শাকিব- বুবলির নামে অপপ্রচারের ফলেই বুবলি ছবি ছেড়েছেন এমন সংবাদ ছড়িয়েছে।

তবে ছবি ছাড়ার বিষয়টিকে সত্য বলেই গ্লিটজের কাছে স্বীকার করেছেন বুবলি। তবে এর সঙ্গে সংশিল্পষ্ট গুঞ্জনগুলোকে স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

Image
সম্প্রতি অনুষ্ঠিত হয়   ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’  চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান

সম্প্রতি অনুষ্ঠিত হয়   ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’  চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান

তার ভাষ্যে, “এসব নেহায়েতই গুজব, ভিত্তিহীন। বারবার একই কথাই মিডিয়ায় আমাকে বলতে হচ্ছে। জুটিপ্রথা গড়লেই যে সবসময় নায়ক-নায়িকা বিয়ে করে তা নয়, মাঝে মাঝে দু’একটা ব্যতিক্রম হলেও সবসময় এটা হয় না। এটা দর্শক ও সমালোচকদের বুঝতে হবে।”

মহরতে পর শাকিবের বিপরীতে ছবিটি থেকে সরে আসা প্রসঙ্গে বুবলি বললেন, “আমি আসলে একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি ছবির জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। সেটাই আগে করার কথা ছিলো। হঠাৎ এ ছবিটার ব্যাপারে প্রযোজনা সংস্থার আগ্রহী হওয়ায় মহরত অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু  একই সময়ে একের অধিক ছবিতে আমার কাজ করা হয়নি এখনও, কারন আমি একটি কাজ শেষ করে কিছু সময় নিয়ে আরেকটা ছবির জন্য নিজেকে প্রস্তুত করি। তাই এমন সিদ্ধান্ত।”

বুবলি জানান, কিছুদিনের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন বুবলি।

এদিকে চলচ্চিত্রটির পরিচালক শাহিন সুমন এ প্রসঙ্গে গ্লিটজকে বলেন, “আমি শুটিংয়ে আহত হয়েছি। খুব বেশি কিছু বলতে পারছি না। শুধু এতটুকু বলছি, সিনেমার গল্প ও নাম বদলে নতুন করে আয়োজন করা হতে পারে, তাতে অভিনয় করবেন বুবলি। তবে এখনই কোন কিছু নিশ্চিত নয়।”