কনা-হুমায়ূনের গানে তৌসিফ-মাহার ‘ভালো থাকার গল্প’
নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালো থাকার গল্প’।
এক নব দম্পতির সংসারে অভাব-অনটনের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ‘ভালো থাকার গল্প’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তৌসিফ ও মাহা। এতে চাকরি হারানো এক বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। অন্যদিকে স্ত্রী মাহা সেই অভাব কাটাতে নিজেকে জড়ান মডেলিংয়ে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। নির্মাতা জানান, চলচ্চিত্রটির প্রচারণার স্বার্থে শুক্রবার মুক্তি পেয়েছে এ চলচ্চিত্রের একমাত্র গান ‘আজ থেকে মন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও আহমেদ হুমায়ূন।
এ মিজানের কথায় এর সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন নিজেই।
গানটি প্রসঙ্গে আহমেদ হুমায়ূন বলেন, “চলচ্চিত্রটির গল্প বিরহ ঘরানার। আর আমাদের গানটি পুরো রোমান্টিক। মানে আমাদের গানটির মাধ্যমে ছবিটির গল্পে নতুন বাঁক নেয়। গানটি ভালো হয়েছে। গানের গল্পটাও ফুটে উঠেছে সঠিকভাবে। আশা করছি সবার ভালো লাগবে।”
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিএমভি। তাদের ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে চলচ্চিত্রটি।
