ডলি আনোয়ার স্মরণে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
প্রয়াত অভিনেত্র্রী ডলি আনোয়ারের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
সত্তর দশকের এই অভিনেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তারা।
আগামী ১ জুলাই রোববার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে তার অভিনীত চলচ্চিত্র ‘দহন’। ১৯৮৬ সালে চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন শেখ নিয়ামত আলী।
ডলি আনোয়ার স্মরণে আলোচনা অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখবেন মসিহ উদ্দিন শাকের, মঈন উদ্দিন খালেদ, মাহমুদুল হোসেন দুলাল, বেলায়াত হোসেন মামুন, হাসেম সুফী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম টেলিভিশন ড্রামা ‘একতলা দোতলা’য় অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ডলি আনোয়ারের। ঢাকার মঞ্চ নাটকের সাথে যুক্ত হয়েছেন যখন তার বয়স মাত্র ১৩ বছর।
তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। আশির দশকে 'সাতদিন' নামে একটি সাপ্তাহিক সম্পাদনা করতেন তিনি।
মাত্র দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ডলি আনোয়ার। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’র প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
এতে তিনি জয়গুন নামে একজন সংগ্রামী নারীর ভূমিকায় অভিনয় করেন। মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী নির্মিত এ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭৯ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ নারী অভিনয় শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ডলি আনোয়ার।
তার দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’ মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে।
ডলি আনোয়ারের স্মরণ অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন গ্লিটজকে বলেন, “ডলি আনোয়ার বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। দীর্ঘকাল ধরে তাকে স্মরণ করা হচ্ছে না। ১৯৯১ সালে তার মৃত্যুর পর গত ২০ বছরে ওনাকে স্মরণ করা হয়েছে এ রকম কোনো আয়োজন আমাদের চোখে পড়েনি। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।”
মামুন বলেন, “উনি চাইলেই হয়ত অনেক ছবিতে কাজ করতে পারতেন। কিন্তু তিনি বেছে বেছে দুটি ছবি করেছেন। তিনি যেহেতু সিরিয়াস অভিনেত্রী ছিলেন, নিজের শ্রম এবং নিষ্ঠা দিয়ে ছবি দুটিকে এগিয়ে নিয়ে গেছেন। অবশ্যই নির্মাতার ভূমিকাটা বড় কিন্তু অভিনেত্রীর নিষ্ঠা না থাকলে তার কাজটি সফল হয় না।
“আমরা সব সময় তার ‘সূর্যদীঘল বাড়ি’ চলচ্চিত্রটি প্রদর্শন করি। এবার তার স্মরণ অনুষ্ঠানে আমরা তার অভিনীত ‘দহন’ চলচ্চিত্রটি দেখাব। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ছবি।”
১৯৪৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন ডলি আনোয়ার। মাত্র ৪১ বছর বয়সে ১৯৯১ সালের ৩ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।
ডলি আনোয়ার ছিলেন প্রখ্যাত লেখক ড. নীলিমা ইব্রাহিম ও চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। আলোকচিত্রশিল্পী এবং সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে বিয়ে করেছিলেন তিনি।
