২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাজহারুল আনোয়ারকে নিয়ে ‘গানের মানুষ’

গীতিকার, সংগীত পরিচালক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে সাজানো হয়েছে এটিএন বাংলার সংগীতানুষ্ঠান ‘নোভা প্রেজেন্টস গানের মানুষ’-এর এবারের পর্ব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 05:00 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার রাত ৮টায়। অনুষ্ঠানে দর্শকদের জন্য তার লেখা ৬টি গান গেয়েছেন কণ্ঠশিল্পী লুইপা ও অপু। গানগুলো হল- ‘মাগো আর কোনদিন’, ‘চোখের নজর এমন কইরা’, ‘এক নদীর উজান ভাটি’, ‘একা একা কেন ভালো লাগে না’, ‘আমি এক দূরন্ত যাযাবর’ ও ‘প্রেমের আগুনে’।

গানের ফাঁকে ফাঁকে উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় গান নিয়ে আলাপচারিতায় অংশ নিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। তাকে নিয়ে কথা বলেছেন সুরকার আলাউদ্দিন আলী ও কণ্ঠশিল্পী খুরশিদ আলম। কন্ঠশিল্পী হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

পরিচালক বলেন, গানের মানুষ অনুষ্ঠানটি মূলত গানের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের নিয়ে সাজানো অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয় এবং তাকে নিয়ে সাজানো হয়ে থাকে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীকে নিয়ে স্টুডিওতে আলাপচারিতায় অংশ নেন উপস্থাপক।

গাজী মাজহারুল আনোয়ার ২৪ হাজারেরও বেশি গান রচনা করেছেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’ ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।