চার মাসে দুই বাংলায় বড়পর্দায় জয়ার পাঁচ ছবি
আসছে জুলাই থেকে চারমাসে দুই বাংলার বড়পর্দায় মুক্তি পাবে জয়া আহসান অভিনীত পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে কলকাতায় চারটি ও বাংলাদেশে একটি চলচ্চিত্রের মুক্তির বিষয়টি চূড়ান্ত বলে জানিয়েছেন জয়া আহসান।
চলতি বছর কলকাতার পর্দাজুড়ে থাকবে জয়ার দখল। আগামী চারমাসে জয়ার চারটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। জয়া জানালেন, অগাস্টে মুক্তি বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’। সেপ্টেম্বরে অর্নব পাল পরিচালিত ‘বৃষ্টি তোমাকে দিলাম’, অক্টেবরে পূজা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে পূজোর সময় শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘বিসর্জন’ চলচ্চিত্রের সিক্যুয়াল ‘বিজয়া’।
এদিকে আসছে সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’। এছাড়াও বাংলাদেশে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ রয়েছে সম্পাদনার টেবিলে।
১৯৪৭ এর দেশভাগের প্রেক্ষাপটে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘খাঁচা’
তিনি বলেন, “আমি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রেই বেশি ফোকাসড ছিলাম। ছবি যদি না আসে তাহলে তো আমার কিছু করার নেই। আমি ফোকাসড অবশ্যই আমার দেশের চলচ্চিত্রে। ‘দেবি’ আমার হাতে আছে। ওটা মুক্তি দিচ্ছি। অন্যগুলো তো আমার হাতে নেই। ওগুলো দু’তিন বছর আগে শুটিং করেছিলাম সেগুলো না আসলে তো আমার দুর্ভাগ্য।”
তিনি আরও বলেন, “কলকাতায় তো অনেকদিন ধরেই আমার ছবি একটার পর একটা মুক্তি পাচ্ছে। ওখানকার ছবিগুলো দর্শকের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এখানকার ছবিগুলো দর্শকের কাছে যথাসময়ে পৌঁছায়না এটা অনেক দু:খের ব্যাপার, এই আর কি।”
এদিকে, দেশভাগের কাহিনী অবলম্বনে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘খাঁচা’ প্রদর্শিত হলো কলকাতায়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ইন্ডিয়ার আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জয়া আহসান অভিনীত চলচ্চিত্রটি প্রদর্শিত হয় মঙ্গলবার বিকেলে।
ক্রিসক্রস চলচ্চিত্রের একটি দৃশ্যে জয়া
জয়া বললেন, “‘খাঁচা’ নিয়ে তো সবার অনেক আগ্রহ ছিলো। কারণ দেশভাগের ওপর বাংলাদেশের একটা কাজ। ইন্ডিয়ায় কিছু কাজ হয়েছে, বাংলাদেশেও কিছু সিগনিফিকেন্ট কাজ হয়েছে ১৯৪৭ সালের ওপরে। ‘খাঁচা’র তো একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছেই পাশাপাশি আমার বাংলাদেশের কাজগুলো দেখার জন্য ওখানকার দর্শক অধির আগ্রহে অপেক্ষা করে। আমি এইমাত্রই কথা বললাম, ওরা বললো, খুব হাউজফুল যাচ্ছে, খুব বড় একটা স্ক্রিনে প্রজেক্ট হচ্ছে ‘খাঁচা’।
জয়ার মতে, কলকাতার দর্শকরাও দেশভাগের যাতনার অংশিদার। চলচ্চিত্রটিতে তাদেরও পূর্বপ্রজন্মের বেদনার কথা উচ্চারিত হয়েছে।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানিয়েছেন জয়া। তার প্রত্যাশা বাংলাদেশের ভালো ভালো ছবিগুলোর দিকেই মনোযোগি হবেন তারা।
সৃজিত মুখার্জীর পরিচালনায় নির্মিতব্য চৌরঙ্গী চলচ্চিত্রটি থেকে হঠাৎ সরে দাঁড়িয়ে দুই বাংলাতেই আলোচিত হয়েছেন জয়া। তার দাবি, চিত্রনাট্যে এমন কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিলো যা তার জন্য অস্বস্তিকর।
চলচ্চিত্রটিতে তার বদলে জায়গা করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজে সরে দাঁড়ালেও চরিত্রটি এবং স্বস্তিকার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে জয়ার।
