২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল ভক্তদের জন্য গান, নাচলেন তারকারা

বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার মধ্যে ব্রাজিল ভক্তদের জন্য লেখা একটি গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও, যাতে নেচেছেন বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 07:54 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

আর মাত্র ১০ দিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের। ইতোমধ্যে এ নিয়ে বাংলাদেশের সোশাল মিডিয়াগুলোতে ভক্তদের মধ্যে চলছে নানা বিতর্ক। ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা ঘিরেই সবচেয়ে বেশি উন্মাদনা।

এর মধ্যেই মিউজিক ভিডিওতে আসছেন বড় পর্দার এই তারকারা।

ব্রাজিল ভক্তদের জন্য প্রোমোশনাল মিউজিক ভিডিওটি তৈরি করেছে লাইভ টেকনোলজি। এতে ব্রাজিল নিয়ে গানে মডেল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ভিলেন মিশা সওদাগর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির, মডেল জারা ও দিয়া।

শাহিন ওয়াহিদের সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন যাযাবর ব্যান্ডের ভোকালিস্ট ক্যাপ্টেন এবং ক্লোজআপ তারকা সাজু আহমেদ। গানটির কথা-সুরসহ এর ভিডিও নির্মাণ করেছেন আকাশ নিবিড়।

মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, “এবারের বিশ্বকাপ ফুটবল আর ঈদ একইসঙ্গে। ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। আমি ব্যক্তিগতভাবেও একজন খেলায়াড় ছিলাম। অন্যদিকে আমিও ব্রাজিলের অনেক বড় ফ্যান। নিজের ভালোলাগা থেকেই এই কাজটি আমি করেছি।”

এফডিসিতে মান্না ডিজিটাল স্টুডিওর সামনে মনজুর আহমেদের কোরিগ্রাফিতে নেচেছেন তারকারা। আগামী বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে শিগগিরই ইন্টারনেটে উন্মুক্ত হবে এটি।

বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার ছায়া পড়েছে ছোট পর্দার তারকাদের মধ্যে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারাবাহিক ও এক ঘণ্টার নাটক তৈরি হয়েছে এই খেলা নিয়ে। আসন্ন ঈদেই মুক্তি পাবে এসব নাটক।