পরিবেশবান্ধব জুট পলিমার নিয়ে ডকুড্রামা ‘প্লাস্টিক নয় পাট’
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নির্মিত হলো বিশেষ প্রামাণ্য-কাহিনীচিত্র বা ডকুড্রামা ‘প্লাস্টিক নয় পাট’।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুবারক আহমেদ খান আবিষ্কৃত জুট পলিমারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্য-কাহিনিচিত্র ‘প্লাস্টিক নয় পাট’। প্লাস্টিক পন্য ব্যাবহারের ফলে আমাদের পরিবেশ প্রতিনিয়ত যে ক্ষতির সম্মুখিন হচ্ছে তা দেখানোর পাশাপাশি প্রমাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে পাট থেকে পলিমার তৈরির পুরো প্রক্রিয়া ও সুফল।
প্রামাণ্য কাহিনীচিত্রটিতে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা লোপা একটা টিভি অফিসে নতুন চাকরী নিয়েছে। এর আগে লম্বা একটা সময় ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি বিভিন্ন গবেষণার কাজে যুক্ত ছিলেন তিনি। কিন্তু টিভির নতুন অফিসে ঢুকতেই আবার একটা গবেষণার কাজ পেয়ে যায় লোপা। প্লাস্টিক নিয়ে চ্যানেল নতুন একটা ডকুমেন্টারী নির্মাণ করবে, আর সেটা নিয়ে গবেষণা চালাতে হবে লোপাকে। তাকে বের করতে হবে প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে, খুঁজতে হবে প্লাস্টিকের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে বাঁচার উপায়। ডিএসএলআর ক্যামেরা নিয়ে বের হয়ে পড়েন লোপা। নিজের চোখে দেখতে পান কিভাবে প্লাস্টিক আমাদের পুরো পরিবেশকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে।
বিশেষজ্ঞদের সাথেও আলাপ করে লোপা। জানতে পারে আমাদের খাবারে ধীরে ধীরে মিশে যাচ্ছে প্লাস্টিকের কনা। মানব স্বাস্থ্যের জন্য যা হয়ে উঠছে বড়সড় হুমকি। এরকম একটা সময়ে বিজ্ঞানী অধ্যাপক ড. মোবারক আহমদ খানের নাম জানতে পারে লোপা। পাট থেকে জুট পলিমার তৈরি করার পথিকৃত এই মোবারক সাহেব। লোপা মোবারক সাহেবের সাথে দেখা করে জানতে পারেন শুধু এই জুট পলিমার সঠিকভাবে ব্যবহার করা গেলে পলিথিনসহ প্লাস্টিকজাত বিভিন্ন পন্যের চাহিদা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। আর তা কমিয়ে আনা গেলে পরিবেশ দূষণকেও হয়ত সহনীয় মাত্রায় নিয়ে আসা যাবে।
লোপা তার গবেষণার ইতি টানেন একটা নতুন আশাবাদ নিয়ে।
এতে লোপা চরিত্রে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার কুহু নুসরাত। এটি নির্মাণের পাশাপাশি এর গবেষণা-প্রযোজনা ও এতে অভিনয় করেছেন ব্রাত্য আমিন।
সোমবার গ্লিটজকে তিনি বলেন “পাট থেকে পলিমার উদ্ভাবন একটা বিস্ময়কর উদ্ভাবন। বাংলাদেশ তো বটেই সারা বিশ্বের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার । আমরা যদি এ উদ্ভাবনটাকে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই প্লাস্টিক রোধে একটা বড় কাজ করতে পারবো-সে চিন্তা থেকেই প্রামাণ্য-কাহিনীচিত্রটি নির্মাণ।”
দীপ্ত টিভিতে ৫জুন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘প্লাস্টিক নয় পাট’।
