২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরিন্দম শীলের ‘বালিঘর’ ছাড়লেন তিশা

ঈদ নাটক নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরই মধ্যে জানালেন অরিন্দম শীলের নতুন চলচ্চিত্র ‘বালিঘর’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 05:10 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশন ও ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা প্রযোজিত দুই বাংলার চলচ্চিত্র ‘বালিঘর’ থেকে সরে দাঁড়িয়েছেন তিশা। সোমবার নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে চলচ্চিত্রটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

কলকাতার খ্যাতনামা নির্মাতা অরিন্দম শীল পরিচালিত চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো আসছে সেপ্টেম্বরে। আরেফিন শুভ’র বিপরীতে চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিশা। জমকালো মহরতের মাধ্যমে চলতিবছর জানুয়ারিতে চলচ্চিত্রটির যাত্রা শুরু হয়। কিন্তু যৌথপ্রযোজনার চলচ্চিত্র হওয়ায় নানা প্রক্রিয়া পেরুতেই পিছিয়ে পড়ে চলচ্চিত্রটির শুটিং।

আসন্ন সেপ্টেম্বরে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সে সময় ব্যক্তিগত কারণে চলচ্চিত্রটি থেকে সরে দাঁড়িয়েছেন ছবির মূল নায়িকা তিশা। এ প্রসঙ্গে তিনি গ্লিটজকে বলেন, “ছবিটাতে কাজ করতে পারছি না কারণ সেপ্টেম্বরে আমার বেশকিছু কমিটমেন্ট দেয়া আছে বিভিন্ন জায়গায়। ফলে সে সময়ই শুটিং টাইম পড়ায় কাজটি তখন করা সম্ভব হচ্ছে না।”

তিশা আরও বলেন, “নিশ্চয়ই খারাপ লাগা আছে কাজটি করা হলো না। তবু আমার শুভকামনা থাকবে চলচ্চিত্রটির জন্য।”

বড়পর্দায় সফল অভিনেত্রী তিশা সম্প্রতি শেষ করলেন তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ও তাহের শিপন পরিচালিত চলচ্চিত্র ‘হলুদবনি’আছে সম্পাদনার টেবিলে। চলতি বছর চলচ্চিত্রগুলো মুক্তির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় ঈদ উৎসবে নিজেকে ব্যস্ত করেছেন তিশা।

চলতি ঈদে তিনটি ধারাবাহিক ও দশ-বারোটি এক ঘন্টার নাটক করছেন বলে তিনি জানিয়েছেন। তিশার ভাষ্যে, “আমি সাধারণত বিশেষ দিবস বা উৎসব ছাড়া এখন নাটকের কাজ করি না। ঈদ উৎসবেও খুব বেছে বেছে কাজ করি। এবারও তাই করছি, তবে কাজের পরিমাণ বাড়িয়েছি। আশা করি দর্শকের ভালো লাগবে নাটকগুলো।”