২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকালীন হিংস্রতার প্রতিবাদে ‘জেনিফার তুমি রক্তগোলাপ’

ঈদ উপলক্ষে নির্মিত হলো মাহমুদ দিদারের বিশেষ টেলিফিল্ম ‘জেনিফার তুমি রক্তগোলাপ’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 06:32 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

‘জেনিফার তুমি রক্তগোলাপ’ টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রাজধানীর এফডিসি ও প্রিয়াংকা শুটিং স্পটে টানা তিনদিন নাটকটি চিত্রায়িত হয়েছে।

নাটকে তিশা জেনিফার নামে একটি চরিত্র রূপায়ন করেছেন। চরিত্র নিয়ে নীরিক্ষা করতে করতে যে চরিত্রের ভেতর নিমগ্ন হয়ে পড়েন। প্রেমিক তাজ সেখান থেকে তাকে একটা অন্য ঘোরে নিয়ে আসতে চায়। এই রকম জীবন বাজি রাখা অভিনয় জীবন থেকে উদ্ধার করতে চায়। কিন্তু জেনিফার সত্যিকারের শিল্পী চরিত্র ধারণ করেন। সিনেমার এক্সট্রা চরিত্রে অভিনয় করা এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে এক ভিলেন। সে সত্য একমাত্র জানতে পারে জেনিফার। মেয়েটির বেদনা তাকে গ্রাস করে।

নিজের সিনেমায় কিলারের চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই ভিলেনকেই সহশিল্পী হিসেবে চান জেনিফার। অত:পর খুনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই তাকে খুন করে বসেন তিনি।

নির্মাতা মাহমুদ দিদার বললেন, “শিল্পী চরিত্রটি সবসময় সংবেদনশীল। সমকালীন নানা ঘটনায় রাস্ট্রে যে ধরণের হিংস্র মনোভাব তৈরি হয়েছে, তার বিরুদ্ধেই এক ধরণের শৈল্পিক কর্তব্য পালনের চেষ্টা করেছি গল্পটির মাধ্যমে। শিল্পীর সংবেদনশীল চরিত্রটির মধ্য দিয়ে সমকালীন সময়ের অনাচারের বিরুদ্ধে এক ধরণের প্রতিবাদ দেখাতে চেয়েছি।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, এফ এস নাঈম, ইশরাত তন্বী, করভি মিজান, রুদ্র হক, জিসান, আফজাল, জেরিন প্রমূখ।

মাহমুদ দিদারের গল্পে নাটকটির চিত্রানট্য করেছেন মোহাম্মদ আলী ও রায়হান আসাদ। আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।