২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন দুই নাট্যব্যক্তিত্ব

বেইজিং রবীন্দ্র সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন মঞ্চসারথী আতাউর রহমান ও নাট্যব্যক্তিত্ব ইসরাফিল শাহীন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 07:16 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

চীনের পিকিং ইনিভার্সিটির এশিয়ান অ্যান্ড আফ্রিকান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এবং জিগুনাং ক্লাসিক্যাল স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র সম্মেলন। এতে যোগ দিতে আগামী ৬ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা।

‘রবীন্দ্রনাথ ঠাকুর ও আজকের বিশ্ব’ শীর্ষক এ সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সৃষ্টিকর্মের উপর বক্তৃতা, গবেষণাপত্র উপস্থাপন এবং বাংলাদেশে রবীন্দ্র নাট্যচর্চা ও বিকাশের ওপর ভিডিওচিত্র প্রদর্শন করবেন বাংলাদেশের এই দুই প্রতিনিধি।

পাশপাশি পিকিং ইনিভার্সিটি আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করবেন তারা।

এ প্রসঙ্গে আতাউর রহমান গ্লিটজকে বলেন, “সেখানে শান্তিনিকেতন থেকেও একটি দল আমন্ত্রিত হয়েছে। আমি সস্ত্রীক যাচ্ছি এ সম্মেলনে। নির্ধারিত বক্তৃতার বাইরেই আমি সেখানে ‘রক্তকরবী’সহ আমার দুটি নাটকে পরফর্মও করতে যাচ্ছি।”