২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে ‘দেবী’, ‘মিসির আলী’ চরিত্রে আসছেন চঞ্চল চৌধুরী

হুমায়ূন আহমেদের চরিত্র মিসির আলীর ভূমিকায় বড়পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী। জন্মদিনে ভক্তদের জানালেন তার আসন্ন চলচ্চিত্র ‘দেবী’ মুক্তির তারিখ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 07:08 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’।

এই চলচ্চিত্রে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শুক্রবার নিজের জন্মদিনে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “শিল্প এমনি এমনি বাঁচে না। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যে কোনো শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণির দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে ‘দেবী’ দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।”

জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে চঞ্চল বলেন, “আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেন দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যেটা করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটিই করতে হবে।”

 

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানের চলচ্চিত্রটি প্রযোজনা করেছে প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র কর্ণধার ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রে অভিনয়ও করছেন তিনি।

বর্তমানে কৌশিক গাঙুলি পরিচালিত ‘বিজয়া’ চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততায় অবস্থান করছেন ভারতে। সেখান থেকে জয়া বলেন, “দেবী এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ওপর দর্শকের অনেক বেশি আশা। এটি খুব স্বাভাবিক। আর এ কারণেই ‘দেবী’ মুক্তি নিয়ে আমরা কোনো তাড়াহুড়ো করতে চাই না।

“সব কিছু ঠিক থাকলে কোরবানির ঈদের ঠিক পরপরই ‘দেবী’ মুক্তি দেবার ইচ্ছে রাখি। আশা করছি, আমার প্রিয় ভক্ত-দর্শকরা ‘দেবী’র সঙ্গে থাকবেন।”

‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।