কম পয়সায় কি নাটক হয়: আবুল হায়াত
একটি নির্মাণ এবং ডজনখানেকে অভিনয়ের পরও ঈদে নাটক নিয়ে হতাশা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত।
এবার ঈদে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে চ্যানেল আইয়ের জন্য ‘অমিত্রাক্ষর’ নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। এছাড়াও অভিনয় করছেন ১০-১২টি নাটকে।
তবুও হতাশা কেন- প্রশ্নে আবুল হায়াৎ গ্লিটজকে বলেন, “আগের মতো মজাই নেই, কোনো স্টোরি নেই। যেনতেন নাটক করছি।”
কেন করছেন- এ প্রশ্নে তার উত্তর, “করছি, কারণ এটা আমার পেশা। আমাদেরও তো খেয়ে পরে বাঁচতে হবে। তারপরও বাছাবাছি করছি। যতটুকু পারা যায়।
“নাটকের কোনো কোয়ালিটি নাই। কম পয়সায় কি নাটক হয় না কি? জোর করে ফুটেজ তৈরি করি আমরা। ফুটেজ হচ্ছে, ফুটেজ।”
নাটকের এমন দুর্দশার জন্য প্রবীণ এই অভিনেতা দায়ী করছেন টেলিভিশন চ্যানেলগুলোকে।
তার ভাষ্যে, “চ্যানেলগুলো এর জন্য দায়ী। তারা কম পয়সা দিচ্ছে। এ টাকায় কি নাটক হয়? এতগুলো লোক এ পেশায় আসছে, তাদের তো কাজ করে খেতে হবে, তারা করছে। সবাইকেই তো সারভাইব করতে হবে। কোন চ্যানেলেরই কোন দায়বদ্ধতা নেই। কম পয়সার নাটক তৈরি করে চালিয়ে দিচ্ছে।”
“এমন পরিস্থিতিতে নাটক কী করে ভালো হবে?”
