২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ বছরের দাম্পত্যে ইতি, সংসার ভাঙল অর্জুনের

যৌথ বিবৃতি দিয়ে বিশ বছরের দাম্পত্যে ইতি টানলেন অর্জুন রামপাল ও মেহের জেসিয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 09:59 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

আরবাজ-মালাইকা, হৃত্বিক-সুজানের পর এবার সংসার ভাঙলো বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার।

১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। পাত্রী মডেল মেহের তার থেকে বয়সে দুবছরের বড়। বলিউডে অভিনেতা হিসেবে অর্জুন সাফল্য পান বিয়ের পরেই।

দুই দশকের দাম্পত্যজীবনে তাদের দুই কন্যা আছে মাহিকা (১৬) এবং মাইরা (১৩)।

বছর খানেক আগেও একবার অর্জুন রামপাল-মেহের জেসিয়ার বিচ্ছেদের খবর সংবাদমাধ্যমে এসেছিল। সেসময় বলিউডে গুঞ্জন উঠেছিল এই দম্পতিকে বান্দ্রা কোর্টে দেখা গিয়েছে।

অবশেষে সমস্ত গুঞ্জন সত্য করে বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটলেন তারা।

বোম্বে টাইমসকে অর্জুন ও মেহের যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “ভালোবাসা ও কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা দুজনেই বুঝতে পেরেছি আমাদের দুজনের পথই এবার থেকে আলাদা,...

আমরা দুজনেই ব্যক্তিগত বিষয়গুলি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তবে এমন একটা সময় এসেছে যে এখন বলতেই হচ্ছে।

তবে আমরা আলাদা থাকলেও প্রয়োজনে একে অপরের পাশেই থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা, মাইরার জন্য।”

তবে এই বিচ্ছেদ নিয়ে ভবিষ্যতে আর কোনও মন্তব্য করবেন না বলেও বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন তারা।