শুটিংয়ে গিয়ে বিপাকে শ্যামল-প্রসূন
শুটিং শেষে নির্মাতার পাওনাদারদের কাছে সারারাত জিম্মি অবস্থায় থাকার পর নেত্রোকোনার বিরিশিরি থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও প্রসূন আজাদ।
নির্মাতা-প্রযোজকের অব্যবস্থাপনায় শুটিংয়ে গিয়ে বিপাকে পড়লেন জনপ্রিয় দুই অভিনয় শিল্পী প্রসূন আজাদ-শ্যামল মাওলাসহ পুরো শুটিং টিম। রোববার নেত্রোকোনার বিরিশিরি-তে শুটিং শেষে পাওনাদার রিসোর্ট কর্তৃপক্ষ, খাবার সরবরাহকারী ও যানবাহনসংশ্লিষ্টদের দ্বারা জিম্মি হয়ে পড়েন তারা।
জানা যায়, গত ২২ মে আজাদ কালামের পরিচালনায় ‘জনক’ ও ‘মেঘ মায়া’ নামে দুটি নাটকের শুটিং করতে তারিক আনাম খান, তমালিকা কর্মকার, শ্যামল মাওলাসহ শিল্পীরা নেত্রোকোনার বিরিশিরি তে যান। ‘মেঘ মায়া’ নাটকের শুটিং এ অংশ নিতে ২৫ মে ঢাকা থেকে শুটিং টিমে যোগ দেন প্রসূন আজাদ।
শুটিংয়ের পর ২৮ মে রাতে ফেরার কথা ছিলো শুটিং ইউনিটের। কিন্তু শুটিং সংশ্লিষ্ট রিসোর্ট ভাড়া, খাবার ও গাড়ীভাড়া পাওনা থাকায় সংশ্লিষ্টদের ক্ষোভের মুখে পড়ে শুটিং ইউনিট। রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও তাদের রিসোর্টেই বন্দী অবস্থায় থাকতে বাধ্য করেন তারা।
এ সময় নির্মাতা নিখোঁজ ছিলেন।
ঢাকায় ফিরে অভিনেতা শ্যামল মাওলা গ্লিটজকে বলেন, “এখনও শুটিং টিম ওখানেই আটকে আছে। আমরা চলে এসেছি। খুবই বিব্রতকর পরিস্থিতি। আমি তাৎক্ষণিক বিষয়টি আমাদের শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডের নেতাদের জানিয়েছি। এমন পরিস্থিতিতে যেন কাউকেই আর পড়তে না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।”
অভিনেত্রী প্রসূন আজাদ বলেন, “আমি খুবই অসুস্থ ছিলাম। এর মধ্যে এমন ভীতিকর ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো। প্রশাসনের সহযোগিতায় রাতে রিসোর্টে থাকার ব্যবস্থা হওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করে একটু আগে পৌঁছেছি।”
প্রসূন-শ্যামল জানান, রাতে নির্মাতা আজাদ কালামের ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে পেতে সমস্যা হচ্ছিলো। রিসোর্ট কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ আসার পর তার হদিস মেলে রিসোর্টেই।
এ প্রসঙ্গে নির্মাতা আজাদ কালাম সোমবার বিরিশিরি থেকে গ্লিটজকে বলেন, “ফোনে চার্জ না থাকায় সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিলো। আমরা তিনটি নাটক চিত্রায়নের টার্গেট নিয়ে এসেছিলাম। দু’টি নাটকের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। বিভিন্ন জায়গায় প্রায় ৬০ হাজার টাকা বিল বাকি ছিলো। আমার প্রযোজকের কাছে পাওনা ছিলো ৮৬ হাজার টাকা। এ অর্থ তিনিও পাঠিয়েছেন, কিন্তু আমার হাতে যথাসময়ে এসে টাকা পৌঁছেছে আজ সকালা ১১টায়। তাই এ জটিলতায় পড়তে হলো। শুটিং টিম ঢাকায় ফিরে গেছে। যারা বাকি আছেন তারাও ফিরবেন।”
নির্মাতা জানান, শিল্পীদের প্রাপ্য সম্মানী তিনি ঢাকায় ফিরেই প্রদান করবেন।
১৫ অগাস্ট প্রচারের লক্ষ্যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের উপর নির্মিত হয়েছে আজাদ কালাম পরিচালিত নাটক ‘জনক’। ‘মেঘমায়া’ নাটকটিও সম্পাদনা শেষে সম্প্রচারে আসবে শিগগিরিই।
