২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুড়ি’ জুটির নতুন চমক ‘খরচাপাতির গান’

ঈদ উপলক্ষে আসছে লুৎফর হাসানের কণ্ঠে জনপ্রিয় গান ঘুড়ি’র সিক্যুয়েল ‘খরচাপাতির গান’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 04:27 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

সোমেশ্বর অলি’র কথায় ফের গাইলেন লুৎফর হাসান।

অলি’র লেখা ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এ শিল্পী।   ‘ঘুড়ি’ গানের সিক্যুয়েল হিসেবে ২০১৩ সালে নির্মিত হয় তাদের নতুন গান ‘আমার আকাশ পুরোটাই’।

এ ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হলো ‘খরচা পাতি’র গান।

সোমেশ্বর অলি বললেন, “এটাকে আমি ঠিক সিক্যুয়েল বলবো না। তবে একটা যোগসূত্র আছে। ঘুড়ি ছিল শুধু অভাবের গল্প, এটা অনেক কিছু থেকেও না থাকার যে অভাব, সেই গল্প। ‘ঘুড়ি’, ‘আমার আকাশ পুরোটাই’, ‘খরচাপাতির গান’- এই হল ধারাবাহিকতা।”

‘অনেক দামি অনেক কিছু থাকে সঞ্চয়ের খাতায়, তবু এই শহরে প্রেমের মানুষ খরচা হয়ে যায়।’ শহরের যাপিত জীবনের বিভিন্ন রকমের খরচাপাতি নিয়ে অলির কথায় ফিরোজ কবির ডলারের সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

পারিবারিক চেনা ঘটনার মর্মস্পর্শী গল্পে নির্মিত এই গানের ভিডিওতে অভিনয় করেছেন- মৌসুমি নাগ ও লুৎফর হাসান ও তার মেয়ে দুপুর। ভিডিওটি  পরিচালনা করেছেন পিকলু চৌধুরী।

‘খরচাপাতির গান’ নিয়ে লুৎফর বলেন, “‘খরচাপাতির গান’ এ সময়ের নাগরিক বাস্তবতা নিয়ে লেখা। আড্ডা দিতে দিতে এর সুর তৈরি করা হয়েছে। আমি, অলি আর ফিরোজ কবীর ডলার যৌথভাবে করেছি কাজটা। ভিডিওটিও ব্যতিক্রম হয়েছে।  আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে ‘খরচাপাতির গান’।”

‘খরচাপাতির গান’ প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি জানায়, ঈদের আগেই  প্রকাশ হবে ‘খরচাপাতির গান’র ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।