মঞ্চে টানা ৫ দিন ‘রুধিররঙ্গিণী’
নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে নাটক ‘রুধিররঙ্গিণী’।
নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ নিয়ে এলো তাদের প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’। শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় আগামী ১৫ মে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলসূত্রে জানা যায়, আগামী ৫দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির নাটকটির ৫টি শো অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে নাটকটি।
নাটকটিতে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের বরেণ্য অভিনয়শিল্পী রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। হৃৎমঞ্চের প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’ নির্দেশনা দেওয়ার পাশাপাশি দলটির শিল্প নির্দেশক হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা।
তিনি বলেন, “প্রায়শই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল, ‘রুধিররঙ্গিণী’ সেই মতকে খারিজ করবে বলেই আশা করা যায়। হৃৎমঞ্চ মূলত হৃদয়ের মঞ্চ। নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনবে হৃৎমঞ্চ। নাট্যসাহিত্যের উচ্চমানের দিক খেয়াল রেখেই আগামী প্রযোজনাগুলো মঞ্চে আনবে।”
‘রুধিররঙ্গিণী’ রচনা, মঞ্চ-আলো-সংগীত পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা।
সংগীত আয়োজনে নির্ঝর চৌধুরী। গীতকণ্ঠে রয়েছেন শর্মিলা সিনহা, নির্ঝর চৌধুরী ও হুমায়ূন আজম রেওয়াজ। মঞ্চ ও সেট নির্মাণ করেছেন শাহনাজ জাহান, হাসান আলী, সাকিল সিদ্ধার্থ, আসফিকুর রহমান। দৃশ্যসজ্জায় আছেন শাহজাদা সম্রাট, সউদ, শাহনাজ, হাসান, পারভেজ, ইমরান। আলোক প্রক্ষেপনে শাহজাহান মিয়া ও সাকিল সিদ্ধার্থ। পোশাক পরিকল্পনা জ্যোতি সিনহা ও শাহনাজ জাহান।
