বিহঙ্গ চৌধুরীর ‘সুখ-পিয়াস’
সংগীতশিল্পী বিহঙ্গ চৌধুরীর ‘সুখ-পিয়াস’ শিরোনামে অঙ্গ-প্রত্যঙ্গের নাচ সম্বলিত মিউজিক ভিডিও প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।
শনিবার সন্ধ্যায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানটির কথা, সুর, সংগীত রচনা ও মিউজিক ভিডিও পরিকল্পনায় ছিলেন আফতাব রাগিব। সংগীত আয়োজনে ছিলেন মার্সেল ও নাহিয়ান।
এ শিল্পী জানান, মিউজিক ভিডিওটির বিশেষত্ব হল-গানটিতে শরীরের ১১টি অঙ্গ-প্রত্যঙ্গের (মাথা, চোখ, চোখের ভ্রু, মুখ, গলা, ঘাড়, হাত, কবজি, কোমর, হাঁটু ও পায়ের পাতা) পৃথক পৃথক নাচ সংযোজিত হয়েছে। গানের চিত্রায়নে অঙ্গ-প্রত্যঙ্গের এমন বিশেষ ব্যবহার আগে কখনো হয়নি।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি শিল্পী নিজেই নাচে অংশ নিয়েছেন। সাথে ছিলেন নৃত্যশিল্পী নিশু ও মুজাহিদ।
বিহঙ্গ চৌধুরী বলেন, “এটি সম্পূর্ণ নিরীক্ষাধর্মী একটি গান। নিরীক্ষা হলেও বিনোদনের প্রচুর উপকরণ রয়েছে। এখন দর্শক গ্রহণ করলে আমাদের চেষ্টা স্বার্থক।”
সিএমভির ইউটিউব চ্যানেলের পাশাপাশি জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক, বাংলালিংক ভাইব ও বাংলাফ্লিক্সেও শোনা যাবে গানটি।
