২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শুটিং ফি কমল

নাটক নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদের পর কক্সবাজার সমুদ্র সৈকতে শুটিং ফি কমিয়ে আনা হয়েছে; সেই সঙ্গে অবসান হয়েছে অনুমোদন নিয়ে জটিলতার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 07:07 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বৃহস্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে ডিরেক্টরস গিল্ডের সঙ্গে স্থানীয় প্রশাসনের এক বৈঠকে এসব বিষয়ে সুরাহা হয়।

বৈঠকে ডিরেক্টরস গিল্ডের সদস্যদের জন্য কক্সবাজার সৈকতে শুটিং ফি দশ হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া কক্সবাজারে শুটিং স্পট বরাদ্দ ও অনুমোদনের জটিলতা নিয়েও দীর্ঘ আলোচনা হয় ওই বৈঠকে।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক শুক্রবার গ্লিটজকে বলেন, এখন থেকে অনলাইনে জেলা প্রশাসকের ওয়েব সাইটেই শুটিং এর আবেদন করা যাবে।

আগামী ১৫ মে থেকে এই ব্যবস্থা চালু হবে। আবেদন পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ অনলাইনে অনুমোদন দেবে।

অলিক বলেন, ডিরেক্টরস গিল্ডের সদস্য নির্মাতারা কক্সবাজার সৈকতে শুটিং করতে চাইলে এখন থেকে তাদের ১০ হাজার টাকার বদলে দুই হাজার টাকা ফি দিতে হবে।

সেজন্য আবেদন ফর্মে ডিরেক্টরস গিল্ডের সদস্য নম্বর দিতে হবে। নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিয়েই আবেদন করা যাবে।

“এই ফি ও অনলাইনে আবেদনের সুবিধা শুধুমাত্র ডিরেক্টরস গিল্ডের সদস্যদের নাটক নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ কারণে সংগঠনের সদস্য তালিকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শুটিংয়ের সময় হয়রানি এড়াতে ডিরেক্টরস গিল্ডের পরিচয়পত্র সঙ্গে রাখতে নির্মাতাদের প্রতি অনুরোধ জানান অলিক।

তিনি বলেন, কার্ড দেখালে প্রশাসনের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলেই তারা বৈঠকে আশ্বাস পেয়েছেন। 

কক্সবাজার সমুদ্র সৈকতে শুটিং এর বাড়তি ফি এবং অনুমোদন জটিলতা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা।

ডিরেক্টরস গিল্ডের সহসভাপতি সৈয়দ শাকিল, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী, সদস্য সাখাওয়াত মানিক এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ডিরেক্টরস গিল্ডের সদস্য মোহন খানের সঙ্গে ওই বৈঠকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, এডিসি কাজি আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়, পর্যটন পুলিশের অতিরিক্ত এসপি ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।