সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ সিনেমা
অষ্টম সার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র।
এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল তৌকির আহমেদের ‘হালদা’, আকরাম খানের ‘খাঁচা’, মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। অন্য দুটি হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’।
আগামী ২২ মে থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোয় শুরু হচ্ছে ছয় দিনব্যাপী অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবের আসর। উৎসবের তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্কভুক্ত আটটি দেশের নির্বাচিত চলচ্চিত্রগুলো।
এবারের উৎসবে বাংলাদেশ থেকে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বলে উৎসবে বাংলাদেশ অংশের যোগাযোগ সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম মেঘ গ্লিটজকে নিশ্চিত করেছেন।
সম্প্রতি কলম্বোয় অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা এক বার্তায় তা মঞ্জুরুলকে জানিয়েছেন।
তিনি বলেন, “উৎসবের মূল প্রতিযোগিতা ফিচার বিভাগে প্রতিযোগিতা করবে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। এছাড়াও উৎসবের মাস্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’।”
সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকির আহমেদ নির্মিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরষ্কার পেয়ে ছিল।
