হাদীর কণ্ঠে ফের রবীন্দ্রসংগীত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ হয়েছে কিংবদন্তি গায়ক সৈয়দ আবদুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিও।
২০১১ সালে রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন সৈয়দ আবদুল হাদী।
৬ এপ্রিল ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ শিরোনামের গানটি উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন।
গানটি নিয়ে সৈয়দ আবদুল হাদী বলেন, “সংগীতজীবনের শুরু থেকেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার সম্পর্ক।
বাংলাঢোলের উদ্যোগে আবার রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতার কাছে গান ও ভিডিওটি উপভোগ্য মনে হবে।”
গানটির ভিডিও তৈরি করেছেন সাদাত হোসাইন। সৈয়দ আবদুল হাদীর পাশাপাশি ভিডিওতে মডেল হয়েছেন ঋদ্ধিসহ কয়েকজন শিশুশিল্পী।
বাংলাঢোলের পাশাপাশি গানটি উপভোগ করা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে।
