২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে স্বপ্ন দেখিইনি কখনো সেই স্বপ্নের পূরণ’

হুমায়ূন আহমেদ স্মরণে ‘দুই বাংলার গান’ শীর্ষক সংগীত অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতার সংগীত সংগঠন ‘সুরমঞ্জরী’। শনিবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে এ আয়োজনে গান পরিবেশন করবেন দুইবাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী’র সঙ্গে গাইবেন মেহের আফরোজ শাওন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 08:39 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

শনিবার কলকাতা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন হুমায়ূনপত্নী শাওন নিজেই। রবীন্দ্রসদনে অনুষ্ঠানস্থল থেকে গ্লিটজকে শাওন জানালেন এক লাইনের প্রতিক্রিয়া। বললেন, “যে স্বপ্ন দেখিইনি কখনো সেই স্বপ্নের পূরণ...”

নচিকেতার সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ পেয়ে এমনই আপ্লুত শাওন এর আগে ফেইসবুকে লিখেছেন, “‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা...’ ক্লাস সেভেনে পড়ি আমি যখন এই গান শুনলাম। স্কুল পড়ুয়া সেই আমার বুক ঢিবঢিবিয়ে ওঠে। আহা! আমার জন্য কি কারো মন এমন করবে কখনো? গাইয়ে’র নাম নচিকেতা। নিজেই লিখেছেন এ গান, নিজেরই সুর। কি রোমাঞ্চকর তার গানের সব কথা! একে একে তার সব গান মুখস্ত হয়ে গেল। নচিকেতা চক্রবর্তী’র গান- আমার শৈশব কৈশোরের প্রেম। সেই মানুষটির সঙ্গে আজ এক স্টেজে গাইবো আমি।”

সুরমঞ্জরী আয়োজিত এ অনুষ্ঠানে লোকগানের কালজয়ী শিল্পী অমর পালকে সম্মাননা প্রদান করা হবে।

নতুন কুড়ি থেকে উঠে আসা মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদের নির্মাণে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে হুমায়ূনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সক্রিয় হয়ে ওঠেন। হুমায়ূন আহমেদের কথায় তার বিভিন্ন চলচ্চিত্রে গান করে গানেও জনপ্রিয়তা অর্জন করেন মেহের আফরোজ শাওন।