২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবিঠাকুরের ছোটগল্প থেকে নাটক

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নির্মাতা আজাদ আল মামুন নির্মাণ করেছেন ‘লেখক’ নামে একক একটি নাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 07:23 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘তারাপ্রসন্নের কীর্তি’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও এস এন জনি।

এ প্রসঙ্গে নির্মাতা আজাদ আল মামুন বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুলোর অধিকাংশ খুব ভারী বা গাম্ভীর্যপূর্ণ হয়। কিন্তু  ‘তারাপ্রসন্নের কীতি’ গল্পটি অনেক মজার এবং একদম ভিন্ন একটি গল্প। এই গল্পটি এখন যেমন আছে এক যুগ পরেও একই থেকে যাবে। গল্পটিতে দেখা যাবে- একজন লেখালেখি করেন কিন্তু তিনি কি লিখেন তা তিনি নিজেও জানেন না। এদিকে এই লেখকের স্ত্রী সাহিত্য বোঝেন না কিন্তু তার ধারণা তার স্বামী খুব ভালো লিখে। তার লেখার মান উচ্চমার্গীয়। এজন্য সবাই তার স্বামীর লেখা বোঝে না। তার ধারণা তার স্বামী অনেক নাম করবে। একপর্যায়ে বইও প্রকাশ করে কিন্তু কোনো বই বিক্রি হয় না।’’

রবীন্দ্রনাথের মূল গল্পে নায়িকা মারা যায় কিন্তু এই নাটকটির গল্পে নায়িকা মারা যাবেন না। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। চিত্রনাট্য বর্তমান প্রেক্ষাপটে তৈরি করায় কস্টিউম ও সেট বর্তমান সময়ের আদলেই তৈরি করা হয়েছে। পুরো নাটকটি একটি কমেডি নাটক বলেও জানান এই নির্মাতা।

মৌসুমী হামিদ বলেন, “গল্পটি খুব সাধারণ কিন্তু খুবই মজার। গল্পে একজন লেখকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। আমি সাজ-গোজ নিয়ে ব্যস্ত থাকলেও লেখক স্বামীকে নিয়ে আমি ভীষণ গর্ব করি।”

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে এটিএন বাংলায় এটি প্রচারিত হবে।