বিল কসবি ও পোলানস্কিকে অ্যাকাডেমি থেকে বহিষ্কার
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা বিল কসবি ও অস্কারজয়ী পোলিশ চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে ইউএস অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এই অ্যাকাডেমিই চলচ্চিত্রে সম্মানজনক অস্কার পুরস্কার দিয়ে থাকে। বৃহস্পতিবার তারা কসবি ও পোলানস্কিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
টিভি তারকা কসবি গত মাসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। আর ১৯৭৭ সালে ১৩ বছরের একটি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন নির্মাতা পোলানস্কি।
যৌন হয়রানির অভিযোগের মুখে গত বছর প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনকে বের করে দেয় অ্যাকাডেমি।
মঙ্গলবার ভোটাভুটির পর বোর্ড সদস্যরা কসবি ও পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন বলে অ্যাকাডেমির বিবৃতিতে জানানো হয়েছে।
‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে অস্কারে সেরা নির্মাতার পুরস্কার জিতেছিলেন পোলানস্কি।
বিবৃতিতে বলা হয়, সংস্থার আচরণবিধির সঙ্গে না যাওয়ায় অভিনেতা বিল কসবি ও পরিচালক রোমান পোলানস্কির সদস্যপদ বাতিলে ভোট দিয়েছে বোর্ড।
“বোর্ড নৈতিক মান বজায় রাখতে উৎসাহিত করছে, যা মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অ্যাকাডেমির মূল্যবোধ রক্ষায় সদস্যদের সক্ষম করবে।”
অ্যাকাডেমির ৯১ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র চারজনকে বহিষ্কারের কথা জানা যায়।
প্রথম এই নিষেধাজ্ঞায় পড়েন অভিনেতা কারমাইন কারিডি। তিনি গোপনীয় ফিল্ম প্রিভিউ ভিডিও এক বন্ধুর কাছে পাঠানোর পর অনলাইনে ছড়িয়ে পড়লে ২০০৪ সালে তার সদস্যপদ প্রত্যাহার করা হয়।
৮০ বছর কসবি গত এপ্রিলে যৌন নিপীড়নের তিনটি ধারায় অভিযুক্ত হন, যার প্রতিটির জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
সাবেক বাস্কেটবল খেলোয়াড় আন্দ্রে কনস্ট্যান্ডকে মাদক দিয়ে যৌন হয়রানির অভিযোগে ২০০৪ সালেও তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। এবার দ্বিতীয় দফায় যৌন নিপীড়নের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন তিনি।
পোলানস্কি ১৯৭৭ সালে একজন অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে বেআইনি শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছিলেন, ৪২ দিন কারাগারেও কাটিয়েছিলেন তিনি। পরে দণ্ড এড়াতে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান তিনি।
