কনসার্টে বামবার তিন দশক উদযাপন
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) তিন দশক পূর্তি উপলক্ষে জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় কনসার্ট হয়ে গেল ঢাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘চ্যাপ্টার ওয়ান’ শিরোনামে এই কনসার্ট হয় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কনসার্টটি শুরু হয় ব্যান্ড দল শুন্যের পরিবেশনার মধ্য দিয়ে।
‘শত আশা’ দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে তারা। এরপর একে একে গেয়ে শোনায় ‘আজ দিয়ে যাই গোধূলী আকাশ’ ও ‘শোনো মহাজন’।
এরপর ব্যান্ডদল প্যান্টাগন শোনায় ‘বাংলাদেশ জাগো’ ও ‘বল তুমি কোথায় আছো’। মাকসুদ ও ঢাকার পরিবেশনার শুরুতেই ছিল ‘মেলায় যাইরে’। এরপর তারা শোনায় ‘মৌসুমী কারে ভালোবাসো তুমি’, ‘ধন্যবাদ হে ভালোবাসা’, ‘আমি দেশকে ভালোবাসি’সহ বেশ কয়েকটি গান।
১১ ব্যান্ডের অংশগ্রহণে এই কনসার্টে আরও সঙ্গীত পরিবেশন করে ফিডব্যাক, দলছুট, অর্থহীন, ওয়ার ফেইজ, আরবোভাইরাস, ভাইকিংস ও নেমেসিস।
এ আয়োজনে বামবার সহযোগী ছিল স্কাই ট্র্যাকার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দোজা এলান বলেন, “নব্বই দশকটি ছিল ব্যান্ডসঙ্গীতের স্বর্ণালী সময়। কিন্তু সেই স্বর্ণালী সময়ে এখন ভাটা পড়েছে। ব্যান্ডসঙ্গীতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই সঙ্গীতানুষ্ঠান।”
তিনি জানান, বামবাভুক্ত ২৬টি ব্যান্ডের মধ্যে এবারের আসরে ১১টি ব্যান্ড অংশগ্রহণ করেছে। পরবর্তীতে ‘চ্যাপ্টার টু’ আসরে বাকি ব্যান্ডগুলোও অংশ নেবে।
আগে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনা পয়সায় এই কনসার্ট উপভোগ করেছেন সঙ্গীতপিপাসুরা।
দ্বিতীয় আয়োজনটি হবে ঢাকার বাইরে। সেখানে টিকেটের ব্যবস্থা থাকবে বলে জানান দোজা।
