ইসলাম নিয়ে অনন্ত জলিলের নতুন ছবি ‘দ্বীন-দ্য ডে’
চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন ছবি ‘দ্বীন-দ্য ডে’। সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম এমন মূলভাবনাকে উপজীব্য করে চলচ্চিত্রটির চিত্রনাট্য নির্মাণ করছেন পরিচালক ছটকু আহমেদ।
“এই বিমান বিধ্বংসী কামান, এই মানুষ হত্যাকারী অস্ত্র কার স্বার্থে? ইসলাম তো শান্তির ধর্ম। ইসলামের আসল উদ্দেশ্যটা কি?
ইসলাম এবং ইসলামের নামে যে পরাশক্তিরা হামলা করছে, ধ্বংস করছে এদের কারা মদদ দিচ্ছে? ইসলাম তো টেরোরিজম সাপোর্ট করে না।
ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাবিশ্ব কী ফায়দা লুটতে চায়? আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে।
ইসলাম যে সন্ত্রাসবাদকে সমর্থন করে না তাই দেখানো হবে চলচ্চিত্রে।”- চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন ছবি ‘দ্বীন-দ্য ডে’ সম্পর্কে এমনটাই জানালেন ছবির চিত্রনাট্যকার ছটকু আহমেদ।
ধর্মনির্ভর চলচ্চিত্র হলেও এতে নাচ গান সবই থাকছে। বাংলাদেশের দুই বন্ধুর দুই ভিন্নপথে এগিয়ে যাওয়ার সূত্র ধরে এগুবে চলচ্চিত্রটির কাহিনি।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস এর নামে নীরিহ মানুষ হত্যার বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে।
চলচ্চিত্রটিতে অভিনয় করবে চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।
এটি চিত্রায়িত হবে মরোক্কো ও সিরিয়ায়। ইরান ও মরক্কো থেকে ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে বলে জানা গেছে।
অ্যাকশন নির্ভর ছবিটির শুটিং শুরু হবে আসছে নভেম্বর মাসে।
