গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কুশল
বুধবার ভোর রাতে ডান হাতে গভীর ক্ষত নিয়ে কলকাতার ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন টালিগঞ্জের অভিনেতা কুশল চক্রবর্তী। বুধবার দুপুরে অস্ত্রোপচার করা হয়েছে।
সংবাদ প্রতিদিন সূত্রের খবর, নিজের বাড়িতেই কাচের টেবিলের উপর পড়ে গিয়ে গুরুতর চোট পান এই অভিনেতা। তার ডান হাতের টেন্ডন নার্ভ ছিঁড়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, শিরা কেটে গিয়ে ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তার । হাসপাতালে যখন আনা হয় তখন তিনি নিস্তেজ হয়ে পড়েছিলেন।
চিকিৎসকরা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে পরীক্ষা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাতের কোথাও কাচের টুকরো ঢুকেছিল কি না তা পরীক্ষা করে দেখা হয়েছে।
ছবি: অভিনেতার ফেইসবুক থেকে নেওয়া
ক্ষত বিক্ষত হাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোচনায় বসেছেন হাসপাতালের প্লাস্টিক সার্জারির চিকিৎসকরা। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।
মাত্র ছ’বছর বয়সে সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা সিরিজের প্রথম ছবি ‘সোনার কেল্লা’ দিয়ে অভিনয় শুরু করেন কুশল চক্রবর্তী।
১৯৯৭ থেকে অভিনয় ছাড়াও প্রযোজনা-পরিচালনা শুরু করেছিলেন তিনি।
গতবছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সমান্তরাল’, ‘অসময়’ চলচ্চিত্র। ছোটো পর্দার জনপ্রিয় এই অভিনেতা বেশ কিছু সিরিয়ালে অভিনয় করছেন এখন।
অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন টালিগঞ্জের শিল্পী কলাকুশলীরা।
