পড়শী’র ফেরার ‘রাস্তা’
দীর্ঘ বিরতির পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন পড়শী। আগামী ২৬ এপ্রিল অন্তর্জালে প্রকাশিত হতে যাচ্ছে পড়শীর নতুন গান ‘রাস্তা’।
‘রাস্তা দিয়ে হাঁটি যখন বোকার মতো চেয়ে থাকো/বলছি শোনো সাহস নিয়ে সামনে এসে আমায় ডাকো।’- রবিউল ইসলাম জীবনের এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ।
রক ধাঁচের গানটির প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, “পড়শী’র সাথে কাজ করছি অনেক বছর ধরেই। সে রক গান খুব ভালো গায়। তার সেই প্রতিভাকেই দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
প্রায় ৮ বছর আগে গীতিকার আমাকে গানটি দিয়েছিলেন, মনেই ছিলো না এরকম একটি গান আমার কাছে আছে। পুরানো কাগজ-পত্র ঘাটতে গিয়ে পেয়ে যাই ‘রাস্তা’।
এরপর সিদ্ধান্ত নিই এই ‘রাস্তা’য় শুধু পড়শী’র হাঁটা সম্ভব। এর আগে পড়শী বিভিন্ন ঘরানার গান গাইলেও এটাই তার প্রথম রক গান। আশা করছি গানটি পড়শী ভক্তদের ভালো লাগবে।”
সম্প্রতি পুরান ঢাকার একটি শুটিং স্পটে সেট তৈরি করে টানা দুইদিন ধরে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। চিত্রগ্রহণে ছিলেন ছিলেন রাজু রাজ।
পড়শী বললেন, “গানটির কথা আমার কাছে বেশ মজার লেগেছে। পুরোপুরি প্রেমের গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি।
আর ভিডিওতে তো, আমি একবারেই ভিন্নরূপে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছি। আশা করি, দর্শক- শ্রোতারাও গানটির অডিও এবং ভিডিও খুব এনজয় করবেন।”
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
