২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে বাউল গান নিয়ে সারোয়ার শুভ

বাউল সম্রাট শাহ আবদুল করিমপুত্র বাউল শাহ নূর জালালের গান কণ্ঠে ধারণ করলেন সারোয়ার শুভ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 09:08 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

‘এই মিনতি করি তোমায়, ছেড়ে যাইওনা, আমি তো জানিরে বন্ধু তুমি আপন’-এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম পুত্র বাউল শাহ নুর জালাল করিম।

অংকুর মাহমুদের সংগীতায়োজনে বাংলা নতুন বছর উপলক্ষে গানটি গাইলেন সারোয়ার শুভ। 

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের বাংলা নববর্ষের আয়োজনে থাকছে এই গানটি।

শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছে ‘ঈগল টিম’।

গানটিতে অভিনয় করেছেন রিয়েলি আহমেদ ও সুপ্ত।

 

‘এই মিনতি’ গানটি প্রসঙ্গে সারোয়ার শুভ বলেন, “এই উপমহাদেশে ফোক গানে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ। তাই এবার বাংলা নববর্ষে বাংলার মাটি ও মানুষের প্রাণের বাউল গান করেছি।

নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, শ্রদ্ধেয় বাউল পুত্র শাহ নুরজালাল ভাই আমাকে গানটি করার অনুমতি দিয়েছেন। আমার আগে এই গানটি কলকাতার শ্রদ্ধেয় কালিকাপ্রসাদ গেয়েছিলেন।”

ফোক গান নিয়ে গবেষণার কাজে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাটের বাড়িতে গিয়েছিলেন শুভ। সেখানেই বাউল শাহ নুর জালালের সঙ্গ পান তিনি। গানটি তখনই উপহার পান বাউলের কাছ থেকে।

গানটি প্রসঙ্গে বাউল শাহ নুর জালাল বলেন, “শুভ যখন তার গবেষণার কাজে আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমরা একসঙ্গে রাতভর গান-বাজনা করি।

একপর্যায়ে আমি শুভকে গান শোনানোর কথা বলতেই, শুভ আমার এই মিনতি গানটি শোনায়। আমি তখন অবাক হয়ে তার দরদ ভরা কণ্ঠে গান শুনে তাকে এই গানটি করার অনুমতি দেই।

আমি আশা করছি, শুভ’র কণ্ঠের মাধ্যমে গানটি বাউল গান প্রিয় সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে।”