২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত টিভিতে ‘রঙের খেলায় সুরের ভেলায়’

দুরন্ত টিভিতে ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে শিশুদের রবীন্দ্রসংগীত শেখাবেন এ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 06:59 PM

Updated : 08 Apr 2022, 06:13 PM

দেবলীনা সুর বলেন, “অসাধারণ এক অভিজ্ঞতা হলো। গানের ছলে, খেলার ছলে, গল্প বলে, নানান ধরনের প্রশ্ন আর আবদার মিটিয়ে তাদেরকে গান শিখিয়েছি।

এ কাজের মধ্যে দিয়ে নিজেকে যেন ওদের মাঝে নতুন ভাবে খুঁজে পেলাম। আশা করি অনুষ্ঠানটি প্রচারের পর ঘরে বসেই শিশুরা টিভি দেখে গান শেখার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে।”

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে শিশুদের উপযোগী মোট ১৩ টি গান শেখানো হবে। ৩জন সংগীতশিল্পী ৩ ধরনের গান শিশুদের শেখাবেন। দেবলীনা সুর শেখাবেন রবীন্দ্রসংগীত, চম্পা বণিক শেখাবেন নজরুল সংগীত এবং আবিদা সুলতানা শেখাবেন ছড়া গান।

প্রতি সপ্তাহে ৫ পর্বে ১টি গান পরিপূর্ণ ভাবে শিখবে শিশুরা। গান শেখানোর পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে থাকবে মজার মজার নানান ফিচার। যেখান থেকে শিশুরা শিখতে পারবে বিভিন্ন ক্রাফট তৈরি, ছবি আঁকা, অরিগামি, বিজ্ঞানের নানা মজার পরীক্ষা ইত্যাদি।

রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭ টায়, সকাল সাড়ে ৯টায়, দুপুর ১টা ৩০ মিনিটে ও বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, “এটি একটি নতুন ধরনের অনুষ্ঠান। এখানে শিশুরা খুবই আনন্দ নিয়ে গান শিখবে এবং শুধু গানটিই ভালোভাবে শিখবে তা না, সাথে সাথে আরো অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, তৈরি করতে পারবে। আনন্দ নিয়ে কীভাবে গান শেখা যায়, এটিই এই অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করা হয়েছে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির।