করণের নতুন ‘স্টুডেন্টস’ কারা?
‘স্টুডেন্টস অব দ্য ইয়ার-টু’তে দু’জন অভিনেত্রীর প্রবেশ ঘটছে বলিউডে। প্রধান অভিনেতা টাইগার শ্রফ ।
আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা এই তিন ছাত্রছাত্রীকে বলিউডে প্রথম জায়গা করে দেন করণ জোহর । এখন তারা প্রত্যেকেই ভারতীয় চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত।
ধর্মা প্রোডাকশনের ব্যানারে করণ জোহরের পরিচালনায় ২০১২তে মুক্তিপ্রাপ্ত ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’-এর মাধ্যমেই বলিউডে প্রবেশ ঘটে এই তিন নক্ষত্রের।
বুধবার জানা গেল, এই সিনেমার সিকুয়্যাল ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার-টু’তে দু’জন অভিনেত্রীর প্রবেশ ঘটতে চলেছে বলিউডে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, করণের নতুন এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ ছাড়াও দুই নবাগতা নায়িকা অনন্যা পান্ডে এবং তারা সুতারিয়া।
বুধবার সামাজিক মাধ্যমে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি নতুন পোস্টার প্রকাশ করেছে। করণ জোহর এবং টাইগার শ্রফও বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই সিনেমার।
পোস্টারে প্রধান অভিনেত্রী বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যার ‘ডেনিম লুক’ ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলিকে মনে করিয়ে দেয়।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে চাঙ্কি বলেছিলেন অভিনয় অনন্যার রক্তে মিশে আছে । স্বাভাবিক কারণেই বলিউড এখন তাকিয়ে আছে করণের এই নতুন ছাত্রীর দিকে ।
মুম্বাই মিরর জানাচ্ছে প্রায় ৮০০ জনের অডিশন নেওয়ার পর করণ নির্বাচন করেছেন তার আরেক ‘স্টুডেন্ট’ তারা সুতারিয়া-কে ।
২০১০-এ ডিজনি চ্যানেলে ক্যারিয়ার শুরু এই তারা’র । একজন পেশাদার নৃত্যশিল্পী ছাড়াও তারা গান গেয়েছেন ‘গুজারিশ’, ‘তারে জমিন পর’সহ অনেকগুলি সিনেমায়। এবার অভিনেত্রী হিসেবে বলিউডে প্রবেশ ঘটছে তারার।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘বাগি-টু’ ছবির মাধ্যমে বলিউডে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন জ্যাকি-পুত্র টাইগার শ্রফ । বলিউডের বক্স অফিসে টাইগারের গর্জন দর্শকের প্রত্যাশা বাড়িয়েছে অনেক ।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ একজন অভিনেত্রী এবং দু’জন অভিনেতা ছিল । সিকুয়্যালের চিত্রনাট্যে বদল ঘটেছে কিছু । এবার নায়ক হিসেবে থাকবেন একমাত্র টাইগার। সঙ্গে দুইজন অভিনেত্রী।
করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এবং পুনিত মালহোত্রা পরিচালিত সিনেমাটি এবছর ২৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।
