২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ আয়োজনে দিল্লিতে সৃষ্টি কালচারাল সেন্টার

বাংলাদেশ হাইকমিশন, নতুন দিল্লির আমন্ত্রণে বাংলা নববর্ষ উদযাপন করতে ভারত যাচ্ছে সৃষ্টি কালচারাল সেন্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 06:57 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘নৃত্য ও সংগীতসন্ধ্যা’শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে সৃষ্টি কালচারাল সেন্টারের একদল শিল্পী।

জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এছাড়াও উপস্থিত থাকবেন দিল্লিতে অবস্থানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, বসবাসরত বাংলাদেশী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলা সংস্কৃতির বিশ্বায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সৃষ্টি কালচারাল সেন্টার। এ সব অনুষ্ঠান তারই অংশ বলে জানান সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু।

তিনি বলেন, “দেশাত্মবোধক নাচের পাশাপাশি ফোক ও দেশীয় ধারায় আধুনিক নৃত্য পরিবেশন করা হবে বর্ষবরণের অনুষ্ঠানে। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী স্বপ্নীল সজিব।”

আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে অনুষ্ঠানে আরো অংশ নেবেন বৃষ্টি, মৃত্তিকা, মিলন, প্রমি, সাবা, বাবু ও প্রান্তিক।