২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর পর ‘শর্ত’ নিয়ে ফিরলেন সেনিজ

প্রথম অ্যালবাম প্রকাশের দুই বছর পর নতুন গান নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত সেনিজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 06:11 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হন সুকণ্ঠী সেনিজ। দীর্ঘ প্রস্তুতির পর ২০১৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম। তার ঠিক দুই বছর পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

১০ এপ্রিল সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশিত হলো তার নতুন গান ও ভিডিও। সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটির নাম ‘শর্ত’।

রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক এই গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এই সময়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। এতে মূল মডেল হিসেবে অভিনয় করেছেন সেনিজ নিজেই। তিনি ছাড়াও মডেল হিসেবে আছেন সৈয়দ সামিউল হক, নুসরাত আজিজ, শুভ প্রমুখ।

গান-ভিডিও প্রসঙ্গে সেনিজ বলেন, “শ্রোতা হিসেবে রবিউল ইসলাম জীবনের কথা এবং ইমন ভাইয়ের সুর-সংগীত আমার খুবই ভালোলাগে। এই গানটিতে একসঙ্গে দু’জনকেই আমি পেয়েছি। এই গানটির জন্য আমি প্রায় দুই বছরের প্রস্তুতি নিয়েছি।

অবশেষে সেটি প্রকাশ পেয়েছে। গানটির অডিও এবং ভিডিওতে একটা মেসেজ আছে- সেটা হলো ভালোবাসা হতে হবে শর্তহীন।”

ভিডিওটি প্রসঙ্গে সেনিজ বলেন, “ভিকি ভাইয়া দারুণ নির্মাণ করেছেন। শুটিংয়ে আমি খুবই মজা করেছি। প্রাণখুলে নেচেছি। আশা করছি গানটি সবার ভালোলাগবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও শোনা যাবে দেশের সবকটি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।