এবার ‘রাজকুমার’ হয়ে আসছেন প্রীতম
‘লোকাল বাস’, ‘আসো মামা হে’ কিংবা ‘যাদুকর’ জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান যেন প্রতি গানেই নিজেকে অতিক্রম করে যাচ্ছেন জনপ্রিয়তায়। এবার তিনি আসছেন ‘রাজকুমার’ হয়ে।
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হচ্ছে প্রীতম হাসানের মিউজিক্যাল মুভি ‘রাজকুমার’। ‘রাজকুমার’ শিরোনামের গানটি লিখেছেন রায়হান ইসলাম শুভ্র, রাকিব হাসান রাহুল এবং প্রীতম হাসান।
সুর ও সংগীতায়োজন প্রীতমের নিজেরই। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
তিনি জানান, দেশীয় ঘরানার বাইরের একটি গল্পে, একজন আন্ডারগ্রাউন্ড ফাইটারের প্রতিদিনের যাপিতজীবন, আবেগ, প্রেম-ভালোবাসা, প্রণয় এবং পরিনতি নিয়ে নির্মিত এই ভিডিওতে প্রীতম হাসানের নায়িকা হিসেবে আছেন সুনেহরা বিনতে কামাল। সাথে এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী।
গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন- “এর আগের ভিডিওগুলোতে দর্শক-শ্রোতারা আমকে যে গেটাপে দেখেছেন, এবারের ভিডিওতে সম্পূর্ণ নতুন ভাবে, নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি। যা দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
আর গানের ব্যাপারে বলবো, শ্রোতাদের ভালো লাগার কথা চিন্তা করেই গানের অডিও এবং গায়কীতে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।”
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কো-স্পন্সর হিসেবে আছে ‘তান্ত্রা’।
আগামী ১২ এপ্রিল অন্তর্জালে প্রকাশিত হবে ‘রাজকুমার’। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
