সুরের ধারার ২৫ বছর পূর্তিতে চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
রেজওয়ানা চৌধুরী বন্যা প্রতিষ্ঠিত সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা’র ২৫ বছর পূর্তিতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে চারদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে সুরের ধারা ও চ্যানেল আই।
আসছে পহেলা বৈশাখ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা’র ২৫ বছর পূর্তিতে চারদিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই ও সুরের ধারা।
এ উপলক্ষে বিস্তারিত জানাতে ৯ এপ্রিল সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই কার্যালয়ে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের বিস্তারিত জানান চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শফি আহমেদ। আরো উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিল্পী মো: খুরশীদ আলমসহ অনেকে।
এ প্রসঙ্গে বন্যা বলেন, “সুরের ধারার মাধ্যমে বাংলাদেশে মুক্তবুদ্ধি ও সুস্থ সংস্কৃতি তৈরি হবে। এছাড়া ভালো গানের ও সংস্কৃতি চর্চার দেশ হিসেবে তৈরি করতে পারব।
এবারের উৎসবে শ্রুতি গীতবিতানের দ্বিতীয় সংস্করণ প্রকাশ হবে। প্রথম সংস্করণ প্রকাশ হয়েছিল ২০১১ সালে। প্রধানমন্ত্রী নিজেই এটি উদ্বোধন করবেন।
আমাদের সবার ঘরে যেমন একটা করে সঞ্চিতা থাকে, তেমনি এখন থেকে শ্রুতি গীতবিতান থাকবে।”
জানানো হয়, ১১ থেকে ১৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সম্মেলন সংগীত, একক সংগীত, আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য, নৃত্য, নৃত্যনাট্য, সেমিনার, প্রাবন্ধ, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী।
১৪ এপ্রিল প্রভাতের প্রথম প্রহরে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সারাদেশ থেকে নির্বাচিত হাজারও শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে নতুন বছরকে গ্রহণ করে নিতে বর্ষ বরণের গান।
অনুষ্ঠানে সঙ্গীত, নাটক ও আলোচনায় অংশ নিবেন বাংলাদেশ ও কলকাতা থেকে আগত বিশিষ্টজনরা।
অনুষ্ঠান প্রাঙ্গনে থাকবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বৈশাখী মেলার হরেক রকম স্টল।
স্টলগুলোতে শোভা পাবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্য সামগ্রী। বর্ষবরণ উৎসব চলবে বেলা ২টা পর্যন্ত।
অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।
