২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে আসছে ববি’র ছবি ‘বিজলী’

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘বিজলী’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 07:43 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

চিত্রনায়িকা ববি’র ‘বিজলী’ হয়ে বড়পর্দায় ফেরা। এ উপলক্ষে ৬ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’।

অনুষ্ঠানে নিজের প্রযোজিত চলচ্চিত্রটি নিয়ে গণামাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন এ চিত্রনায়িকা। চলচ্চিত্রে ববি হাজির হচ্ছেন এক অতিলৌকিক ক্ষমতাসম্পন্ন নারী চরিত্রে।

নিজের চরিত্রটি প্রসঙ্গে ববি নিজেই ব্যখ্যা দিলেন, “ ‘বিজলী’খুব পাওয়ারফুল একটি চরিত্র, যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়। প্রথমে মেয়েটি তার মধ্যে থাকা অসীম ক্ষমতার বিষয়টি বুঝতে পারে না।

এরপর একটা সময় তাকে, তার বাবা বোঝায়, তার মধ্যে এক ধরনের অসীম ক্ষমতা রয়েছে। সে চাইলে সেটিকে তার দেশের ও মানুষের ভালোর জন্য ব্যবহার করতে পারে। এরপর থেকেই তার মধ্যে এক ধরনের পরিবর্তন আসে।”

‘বিজলী’তে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নবাগত অভিনেতা রণবীর। নতুন এই নায়কের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন ববি।

নিজের ছবির প্রচারণায় ‘বিজলী’ প্রসঙ্গে ববি আরও বলেন, “কী নেই ‘বিজলী’তে? অ্যাকশন, ড্রামা, রোমান্স, ট্রাজেডি-তার সাথে সুপার ন্যাচারাল পাওয়ার। দর্শক সিনেমাটি দেখার পর বিরক্ত হবেন না। তাদের ভালোই লাগবে, এটুকু বলতে পারি।”

বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি। ২০১৬ সালে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবির শুটিং লোকেশন আইসল্যান্ডের ডায়মন্ড বিচেও চলচ্চিত্রটির একটি গান চিত্রায়িত হয়।

এর আগে গত ৩০ মার্চ দেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে অনানুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছিল ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’। চলচ্চিত্রটি এবার আনুষ্ঠানিকভাবে সারাদেশে মুক্তি পাবে বলে জানালেন ববি।

চলচ্চিত্রটিতে ববি-রণবীর ছাড়াও অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়, বাংলাদেশের আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামানসহ আরও অনেকে। সিনেমার নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।