২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন সালমান খান

শনিবার উত্তপ্ত শুনানি শেষে বলিউড অভিনেতা সালমান খানের জামিন মঞ্জুর করেছে যোধপুর আদালত ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 03:57 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

৪৮ ঘন্টা কারাগারে থেকে অবশেষে জামিন পেলেন সালমান খান । ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে দুই পক্ষের উত্তপ্ত সওয়াল জবাবের পর সালমান খানের জামিন মঞ্জুর করেছে যোধপুর আদালত । 

৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সালমানের জামিন মঞ্জুর করে আদালত। শনিবার সন্ধ্যা সাতটার পর জেল থেকে ছাড়া পাবেন তিনি। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আগে আদালতের অনুমতি নিতে হবে অভিনেতাকে।

 

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ যোধপুর সেশনস কোর্টে শুরু হয় সালমান খানের জামিনের শুনানি। তার পর বিচারক জোশী জানান, দুপুর ২টার পর এ বিষয়ে রায় শোনাবেন তিনি। সেই মতো ভারতীয় সময় দুপুর তিনটা নাগাদ রায় শোনান বিচারক রবীন্দ্র কুমার জোশী।

 

প্রথম থেকেই এই মামলাকে ঘিরে তুমুল উত্তেজনা ছিল আদালত চত্বরে। আজ সালমান জামিন পেতেই উল্লাসে মাতেন ভাইজানের সমর্থকরা। কিন্তু আদালতের এই রায়ে খুশি নন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ ।

শেষ ২৪ ঘণ্টার মধ্যেই বেশ বড় ধরনের রদবদল ঘটে যোধপুর সেশন কোর্টের। সালমানকে ৫ বছরের সাজা শুনিয়েছেন যে বিচারক, সেই দেব কুমার খাতরি-সহ মোট ৮৭ জন জুডিশিয়াল অফিসারকে বদলির নির্দেশ দেয় রাজস্থান উচ্চ আদালত ।

২০ বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাবাসের সাজা পাওয়ার পর গত বৃহস্পতিবার থেকেই  সালমান রয়েছেন যোধপুরের কেন্দ্রীয় কারাগারে। স্বাভাবিক ভাবেই বিচারপতির বদলির খবরে বেশ উৎকন্ঠা তৈরি হয় তার ।

টানা  দুইদিন কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন সালমান। তবে আগামী ৭মে আবার আদালতে হাজিরা দিতে হবে তাকে ।

জামিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সালমানের বোন আলভিরা এবং অর্পিতা।

রবীন্দ্র কুমার যোশীর এজলাসে সালমানের জীবনের আশঙ্কা রয়েছে, গ্যাংস্টার রবি পূজারী তাকে হত্যার চেষ্টা করছে, তাই যত দ্রুত সম্ভব জামিন মঞ্জুর করা হোক- এই দাবি করেন তারা।

জেলে কয়েদি নম্বর ১০৬, সালমান খানের নিরাপত্তা বেশ আটসাঁট করে রাখা হয়েছে । প্রথমদিন রক্তচাপ কিছুটা বাড়লেও বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

 

এ মামলার অভিযোগ ছিল, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে যোধপুরে গিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে সংরক্ষিত বনে বিরল প্রজাতির দুটি হরিণ শিকার করেছেন সালমান।

ওই সফরে সালমানের সঙ্গী অভিনেতা সাইফ আলী খান এবং অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকেও এ মামলার আসামি করা হয়েছিল। তবে ‘পর্যাপ্ত প্রমাণের অভাবে’ আগেই তারা খালাস পেয়েছেন ।