২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিজ্ঞা করেছি, পুরস্কারে হাত দেব না’

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চিত্রনায়িকা ববিতার সঙ্গে যুগ্মভাবে তাকে আজীবন সম্মাননা দেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়ক ফারুক।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 08:20 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

তিনি বলেন, “দু’জনকে ভাগ করে আজীবন সম্মাননা দেওয়াটা ঠিক নয়। এটা যাচ্ছেতাই মনে হয়। আমার দুঃখ লাগে।”

রাষ্ট্রের সর্বোচ্চ এ পুরস্কার আদৌ গ্রহণ করবেন কিনা তা নিয়েও পুনরায় ভাববেন বলে জানান ‘মিয়াভাই’ খ্যাত এ অভিনেতা।

তিনি গ্লিটজকে বলেন, “আমি প্রতিজ্ঞা করেছি, পুরস্কারে হাত দেব না।.. আমি হয়তো বুঝি কম। আমি অত বোদ্ধা নয়। যারা দিয়েছেন তারা কতটুকু বোদ্ধা আমি জানি না। যে জুরি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে চ্যালেঞ্জ করতে পারি।

“পৃথিবীর ইতিহাসে এই ধরনের অ্যাওয়ার্ড কেউ নেয় না। কাউকে অপমান করার অধিকার জুরিবোর্ডের নেই।”

‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’সহ উল্লেখযোগ্য সংখ্যক সাড়াজাগানো চলচ্চিত্রের এ অভিনেতা দাবি করেন, এর আগে ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও ‘রাজনৈতিক কারণে’ চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু পরবর্তী সময়ে সামরিক শাসনামলে ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কারের জন্য প্রথমে তার নাম ঘোষণা করা হলেও পরে আর তাকে পুরস্কারটি দেওয়ায় হয়নি বলে জানান তিনি।

সেরা অভিনেতার বদলে সেবার তার হাতে উঠেছিল শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার।

“তখন উপর থেকে বলা হয়েছিল, উনি আমাদের লোক নন। আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক বলে পার্শ্ব চরিত্রের পুরস্কার দেওয়া হলো। তখন পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি অনুরোধ করেছিল, আমাকে পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু দেয়নি। পরে একেক জন ১৭-১৮টা করে অ্যাওয়ার্ড পায়, আমার ঘরে কোনো অ্যাওয়ার্ড নাই।”-বলেন ‘চলচ্চিত্র পরিবার’-এর আহ্বায়কের দায়িত্বে থাকা ফারুক।

জনগনের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে ক্ষোভ নিয়ে তিনি বলেন, “আমি এগুলোর (পুরস্কারের) তোয়াক্কাও করি না।”

মোট ২৬টি বিভাগে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘অজ্ঞাতনামা’, সেরা পরিচালক অমিতাভ রেজা, সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, সেরা অভিনেত্রী যুগ্মভাবে নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার।