২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে তিন শিল্পীর গানের আয়োজন ‘কানসূতা’

রাজধানীর ছায়ানটে অনুষ্ঠিত হবে গানশালার আয়োজনে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কানসূতা’ ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 05:54 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

শুধু অন্তর্জালভিত্তিক গান প্রকাশই নয়, গানশালা-র আয়োজনে এবার বিশেষ এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হলো। আগামী ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর ছায়ানট-এ গান পরিবেশন করবেন আরমিন মুসা, অর্ক ও জয়িতা।

‘কানসূতা’ শিরোনামের এ আয়োজনের প্রথম আসরে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে, অর্ক সুমনের সংগীতায়োজনে গানগুলো পরিবেশন করবেন তারা।

অনুষ্ঠানটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, “আগে আমরা যেমন গ্রামোফোন বাজিয়ে, ক্যাসেট বা সিডি প্লেয়ার চালিয়ে সবাই মিলে গান শুনতাম সেদিন তো আর নেই। গান এখন অনেক বেশি একার হয়ে গেছে। সে প্রেক্ষিতেই এ আয়োজনের মধ্য দিয়ে শুধু শিল্পী নয়, গান সংশ্লিষ্ট অন্য সবাই মিলে শ্রোতাদের সঙ্গে নিয়ে একটি পারস্পরিক বোঝাপড়া ও মিথস্ক্রিয়া তৈরির লক্ষে ‘কানসূতা’ নামের এ আয়োজন।”

সম্প্রতি গানশালার উদ্যোগে টাইমস মিউজিকের মাধ্যমে অন্তর্জালে প্রকাশিত হয় নির্ঝরের গানের নতুন অ্যালবাম ‘এপারের আট ওপারের আট’।

গান প্রসঙ্গে নির্ঝর বলেন, “আমরা তো খুব বেশি পপুলার ধরণের গান তৈরি করিনি, ফলে শ্রোতাদের কাছে ধীরে ধীরে গানগুলো যাচ্ছে। এতেই আমরা আনন্দিত।”

শিল্পী ও শ্রোতার বন্ধন গড়তে ঢাকা ও কলকাতার তরুণ শিল্পীদের ধারাবাহিকভাবেই গান তৈরি করবে গানশালা এমনটাই জানালেন নির্ঝর।

‘কানসূতা’র পথম পর্বের মিডিয়া পার্টনার এবিসি রেডিও এবং গান বাংলা টেলিভিশন।