২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন আব্রাহামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তার সহ প্রযোজক ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট সংস্থার কর্ণধার প্রেরণা অরোরা।

গ্লিটজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 06:41 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

টাকা নয়ছয়, চুক্তিভঙ্গ-সহ প্রতারণার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা  জন আব্রাহামের প্রযোজনা সংস্থা জে এ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সূত্রে খবর, জনের সাম্প্রতিক ছবি ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’-কে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে প্রেরণা অরোরার ক্রিয়াজ এন্টারটেইনমেন্ট এবং জন আব্রহামের জে এ এন্টারটেইনমেন্ট ।

ছবির তৈরির সময় থেকেই দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে এক অন্যকে দোষারোপের পালা চলছে ।

এর আগে জন অভিযোগ করেছিলেন,  তার পাওনা টাকা দেয়নি ক্রিয়ার্জ এন্টারটেনমেন্টে। সেকারণে ‘পরমাণু’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বিঘ্নিত হয়েছে।  বহুবার বলার পরও কোনো লাভ হয়নি। জনের প্রযোজনা সংস্থার কর্মীরা নাকি টাকা আনতে গিয়েও ফেরত চলে এসেছেন। পরে তিনিই দায়িত্ব নিয়ে ছবির কাজ শেষ করেছেন।

আবার ক্রিয়ার্জ-এর  প্রেরণা অরোরার দাবি, ইতিমধ্যেই ৩০ কোটি  রুপি জে এ এন্টারটেনমেন্টকে দেওয়া হয়েছে। এর মধ্যে দশ কোটি  ছিল জনের পারিশ্রমিক। এখন বাকি  আর পাঁচ কোটি  রুপির  দুই কোটি জনের প্রাপ্য। তবে এ দুই কোটি  রুপি ছাড় দিতে প্রেরণা জনকে অনুরোধ করেছিলেন। সে অনুরোধ না রেখে মাঝপথেই চুক্তিভঙ্গ করেন জন। বেরিয়ে যান যৌথ প্রযোজনা থেকে।

দ্য হিন্দু জানায়, মুম্বাইয়ের খার থানার পুলিশ ইন্সপেক্টর রামচন্দ্র যাদব বলেছেন, “আমরা একটি আবেদন পত্র পেয়েছি, যেখানে জন আব্রাহামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে । আমরা বিষয়টি খতিয়ে দেখবো । যদিও, কোনো এফ আই আর এই অভিনেতার বিরুদ্ধে করা হয়নি ।”

গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল অভিষেক শর্মা পরিচালিত  ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’ চলচ্চিত্রটির। পরস্পর কাদা ছোড়াছুড়ির কারণেই মুক্তি পিছিয়েছে ।

আগামী ৪মে ভারতের পোখরানে পরমাণু পরীক্ষার বিশ বছর পূর্তির দিন মুক্তি পাবে বলে জনের প্রোযজনা সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।