২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনে দ্বন্দ্বের বিপরীতে রয়েছে ছন্দ: সনজীদা খাতুন

জীবন মানে এক যুদ্ধ, সহজ-কঠিন দ্বন্দ্বের জীবনে প্রতিনিয়ত আসে নতুন  সংগ্রাম। সেই সংগ্রামের পদে পদে রয়েছে অদ্ভুত সব ছন্দ। সেই ছন্দই বেঁধে দেয় দ্বন্দ্বমুখর জীবনের সুর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 11:39 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

জন্মবার্ষিকীর আয়োজনে এসে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন শোনালেন তার এই জীবনবোধের কথা।

গত শতকের পঞ্চাশের দশকে সুর-সংগীতকে আশ্রয় করে যে অভিযাত্রা শুরু হয়েছিল, নতুন শতাব্দীতে এসে সংস্কৃতির সে সাধনা চলেছে তার।

সনজীদা খাতুনের ৮৫তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মঙ্গলবার বিকালে আয়োজন হয় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের।

সুধীজনের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরে তিনি বলেন, “জীবন মানে এক আমাদের যুদ্ধ, প্রতিদিন নতুন সংগ্রামের মুখোমুখি হওয়া। বাস্তবিক অর্থে জীবনে যেমন দ্বন্দ্ব আছে, তেমনিভাবে ছন্দও আছে। জীবনে প্রতি পদে পদে মার খেতে হয়। এ মারই কিন্তু আমাদের জীবন চিনতে শেখায়।

“এই মার কি শুধু মারের জন্য? সেই মারের পেছনেও অন্য কথা আছে। এই মার জীবনকে অনুভবকে মনে করিয়ে দেয়, জাগিয়ে তুলে জীবনকে।”

পরে আয়োজকদের অনুরোধে ‘না বাঁচাবে আমায় যদি.....’ রবীন্দ্রসংগীতটি পরিবেশনের সময় তিনি সবার উদ্দেশে বলেন, “আসুন সকলে আমরা মানুষের জন্য কাজ করি।”

১৯৩৩ সালের ৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন সনজীদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। পরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা  বিভাগে।

১৯৬১ সালে পাকিস্তানের সামরিক শাসনামলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উদযাপন ও রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার প্রতিবাদের তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই বছর ছায়ানট প্রতিষ্ঠায় পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।

কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশকটি গুরুত্বপূর্ণ পুরস্কারও অর্জন করেছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে  ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’  দিয়েছে।

নাগরিক সংবর্ধনার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

শংসাবচন পাঠ করতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “স্বাধীন বাংলাদেশের পতন-অভ্যুদয়-বন্ধুর যাত্রাপথে নানা বাধা-বিঘ্ন-বঞ্চনা উপেক্ষা করে আপনি সংগীতের মাধ্যমে চিত্তের জাগরণে প্রয়াসে কেবল অটল ও একাগ্র থাকেননি। আরো কতভাবেই না সৃষ্টিশীল কাজের অনন্য সব উদাহরণ তৈরি করে বিস্তার ঘটিয়েছেন সুষ্ঠু সাংস্কৃতিক পরিসরের। অধ্যাপনা, অধ্যয়নের যুগল সাধনায় আপনি উচ্চ শিখর স্পর্শ করেছেন, রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ বিশ্লেষণে জুগিয়েছেন নতুন মাত্রা।”

“সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে বহমান আপনার কর্মময় জীবন জাতির সমানে অনন্য উদাহরণ মেলে ধরেছে। নিজেকে পরমভাবে উৎসর্গ করেছেন সুরস্পর্শে মানুষের অন্তর আলোকিত করবার কাজে। আপনার সেই সংগীত-সাধনা স্নিগ্ধ ও গভীর, কোমল ও কঠোর; সর্বোপরি তা নিবেদিত মানবের কল্যাণে, দেশের হিতসাধনে।”

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “মিনু আপা ( সনজীদা খাতুনের ডাকনাম) আসলে তো গান বা গানের ব্যাকরণ শেখাচ্ছেন না, তিনি আসলে সারা জীবনভর মানুষ তৈরি করছেন। সারা বাংলাদেশ ঘুরে মিনু আপা বাঙালির মধ্যে মননশীলতা, রুচিশীলতা ও মুক্তচিন্তা তৈরি  করেছেন। আমাদের আজকের অবস্থানের পেছনেও মিনু আপার বড় অবদান রয়েছে।”

সনজীদা খাতুন পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, সেখানে তার সহকর্মী ছিলেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

সহকর্মীর স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘সনজীদা খাতুনের জন্মদিনে আমরা প্রার্থনা করি, তিনি যেন দীর্ঘ জীবন লাভ করেন। আমাদের সাংস্কৃতিক আন্দোলনে তিনি যে নেতৃত্ব দিয়ে চলেছেন, তা যেন অক্ষুণ্ন থকে।”

পরে তাকে শ্রদ্ধা নিবেদন করে সংগীত পরিবেশন করেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা, অদিতি মহসিন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন ভাস্বর বন্দোপাধ্যায়।

স্মৃতিচারণ পর্বে সৈয়দ হাসান ইমাম বলেন, “ভাষা ও সংস্কৃতির জন্য আমাদের যে সংগ্রাম, সে সংগ্রামের নেতৃত্বে, অগ্রভাগে রয়েছেন সনজীদা খাতুন। শুদ্ধ সংগীত চর্চায় তিনি এখনও সংস্কৃতি জগতকে উদ্ধুদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত।”

রামেন্দু মজুমদার বলেন, “কিছু মানুষ আছেন যারা জীবদ্দশায় প্রতিষ্ঠানে পরিণত হন, সনজীদা আপা তাদের একজন। আমরা তাকে অনুসরণ করে পথ চলি। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সংস্কৃতি চর্চা কিভাবে করতে হয়, তিনি তার পথ দেখিয়ে গেছেন। শুদ্ধ সংস্কৃতির চর্চা বা আজকে সারা বাংলাদেশে রবীন্দ্রনাথের চর্চার যে বিস্তৃতি হয়েছে, তাতে সনজীদা খাতুনের অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়।”

পরিবারের পক্ষ থেকে সনজীদা খাতুনের দৌহিত্রী সায়ন্তনী তিশা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমার অনেক নানুর মধ্যে আমার এই নানুকে আমি বলতাম, আসল নানু। পৃথিবী যখন খুব আরামের লাগে না, তখন আমি নানুর বুকে মুখ লুকাই। আমার কল্পনায় দেখা রাজকন্যার পরনে রুপালি চুল, কপালে লাল টিপ আর পরনে একটা সাদা শাড়ি; সেই রাজকন্যা আমার নানু। এখন বয়স হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও পড়ার টেবিলে ঘাড় গুঁজে অবিরাম লেখালেখি করে চলেছেন তিনি।”

অনুষ্ঠানের শুরুতে সনজীদা খাতুনকে শুভেচ্ছা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান অসীম কুমার উকিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শুভেচ্ছা জানান সচিব নাসির উদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ইতিহাস সম্মিলনী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পাবলিক সার্ভিস কমিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ লোকসংগীত পরিষদ, রবীন্দ্র একাডেমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

অনুষ্ঠানে সনজীদা খাতুনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, প্রাবন্ধিক-গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আখতার কামাল, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।