২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফরাসি আফিম’ অ্যালবামের প্রথম গান প্রকাশিত

নিজের ‘ফরাসি আফিম’ অ্যালবামের প্রথম গান ‘কোকিলের ডিম’ প্রকাশ করলেন কণ্ঠশিল্পী অভীক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 06:32 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

“তার ঠোঁট যেন ফরাসি আফিম/ আর চোখ দুটো কোকিলের ডিম/ আমি বার বার বাঁধা পড়ে যাই/ সেই মেঘকালো চুলের খোপায়।” এমন গানের কথায় অ্যালবাম ‘ফরাসি আফিম’-এর প্রথম গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী অভীক।

২ এপ্রিল সন্ধ্যায় মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে সিএমভি। হিমেল হাসান বৈরাগীর কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন অভীক। আর শিল্পীর সঙ্গে থেকে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার প্রদ্যুত চ্যাটার্জী।

গান-ভিডিওটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী অভীক বলেন, “এই গানটি করেছি আমার ফরাসি আফিম অ্যালবামের জন্য। সেখান থেকে প্রথম গান হিসেবে এটি প্রকাশ করা। বাকিগুলো পর্যায়ক্রমে প্রকাশের ইচ্ছে আছে।”

গানটির শিরোনাম প্রসঙ্গে অভীক বলেন, “গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। প্রেমিকার চোখকে গানে-কবিতায় হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে।

কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না। তাছাড়া কোকিল নিজেও বেশ সুরেলা পাখি। ফলে এই গানটি দিয়ে আমরা প্রেমিকাদের চোখকে সেই কাঙ্ক্ষিত কোকিলের ডিমের সঙ্গেই তুলনা করার চেষ্টা করেছি।”

গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন বাবু। এতে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা ও হোসাইন নীরব।

গানে দেখা যায় আলাদীনের প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেমন করে কাছে টানেন! কতোটা মুগ্ধ হন তার চোখ, চুল আর ঠোঁট দেখে।

কোকিলের ডিম গানের ভিডিও: