নতুন রূপে অন্তর্জালে বিউটির ‘প্রেমসাধনা’
প্রকাশ হলো ‘লালনকন্যা’খ্যাত সংগীতশিল্পী বিউটির ‘প্রেমসাধনা’ গানের মিউজিক ভিডিও।
নিয়মিত নতুন গান নিয়ে আসছেন ‘লালনকন্যা’ বিউটি। অন্তর্জালে নিজের গানের মিউজিক ভিডিও নিয়ে এলেন তিনি।
গত পহেলা বৈশাখে মুক্তি পায় বিউটির মিক্সড অ্যালবাম ‘আনন্দের গান-৪’। ২৯ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।
তারেক আনন্দের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেন সজীব দাস। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ বাবুল। এতে মডেল হয়েছেন সুজন খান ও তল্পি।
গানটি প্রসঙ্গে বিউটি বলেন, “আমার মনের মতো একটি গান হয়েছে। এর আগে অডিও গান যারাই শুনেছেন তারাই প্রশংসা করেছেন। মিউজিক ভিডিও এখন সময়ের চাহিদা। গান যতই ভালো হোক না কেন মিউজিক ভিডিও ছাড়া শ্রোতারা শুনতেই চান না।
গানটির ভিডিও করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ। আশা করছি মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে।”
আনন্দের গান-৪ অ্যালবামের টাইটেল সং ‘প্রেমসাধনা’। এ অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন বিউটি, সালমা ও ঐশী।
