যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুললেন ঐশ্বরিয়া
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বলেছেন, কোনও নারী যদি মনে করেন তিনি অপ্রীতিকর পরিস্থিতির শিকার, তবে তা প্রকাশ্যে বলা দরকার।
১২ অক্টোবর হলিউড প্রযোজক ও পরিবেশক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন ১২ জন হলিউড অভিনেত্রী।
তারপর থেকে বহু তারকা অভিনেত্রী, ওয়াইনস্টিনের বিরুদ্ধে মুখ খুলেছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে শুরু হয়েছে বিশ্বব্যাপী এক আন্দোলন #মি টু ।
এই প্রতিবাদে যোগ দেয় বলিউডও। বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া, রাধিকা আপ্তে, বিদ্যা বালনের মত অভিনেত্রীরা।
এবার এই বিষয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া রাই বচ্চন ।
জি নিউজ সূত্রে জানা গেছে, ‘দ্য টেলিগ্রাফ’কে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ‘# মি টু’ আন্দোলনের ফলে বেশ কিছু মানুষ মুখ খুলছেন এটা খুব ভালো দিক ।এই আন্দোলনের ফলে অনেক ঘটনাই প্রকাশ্যে এসেছে ।
কোনও নারী যদি মনে করেন তিনি অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছেন, তবে তা নিয়ে প্রকাশ্যে বলা দরকার।
তিনি বলেন,“ কোনও মহিলাকে নিজের আপত্তি সত্ত্বেও যদি কোথাও আপোস করতেই হয়, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করা উচিত। কেবলমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, সব জায়গাতেই এই সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত।”
ঐশ্বরিয়া মনে করেন, মহিলাদের যাতে কোনোভাবে যৌন হয়রানির সম্মুখীন না হতে হয়, তার জন্য অনেক বেশি সচেতনতার প্রয়োজন।
সামাজিক মাধ্যমের পাশাপাশি যৌন হেনস্থা নিয়ে সমাজের প্রতিটি মানুষেরই সরব হওয়া প্রয়োজন ।
হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন এক সময় ঐশ্বরিয়াকে ‘কাছে পেতে’ মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি এই বলিউড অভিনেত্রীর জন্য বেশ মোটা অঙ্কের অর্থ খরচেও রাজি ছিলেন । কিন্তু ওয়াইনস্টিনের সেই উদ্দেশ্য সফল হয়নি।
