মধ্যপ্রাচ্যে চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ
দেশীয় চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনা নিয়ে এবার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ নিলেন নির্মাতা দীপংকর দীপন।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করার জন্য যাত্রা শুরু করলো নতুন প্রতিষ্ঠান মিডিয়া মেজ।
ঢাকার নিকেতনে অবস্থিত থ্রি হুইলারস লিমিটেড-এর কার্যালয়ে গত ২৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি ।
অনুষ্ঠানে মিডিয়া মেজ-এর উদ্দেশ্য আলোচনা করে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মিডিয়া মেজ-এর কার্যক্রম শুরু হয়। পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠানের ৩জন অংশীদার নির্মাতা দীপংকর দীপন, দুবাইয়ে কর্মরত ইঞ্জিনিয়ার জনাব পাভেল এবং জিয়াউর রহমান।
প্রতিষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা দীপংকর দীপন বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র বাজারের সম্প্রসারন ‘মিডিয়া মেজ’-এর লক্ষ্য।
কারণ বর্তমান সময়ে চলচ্চিত্র বাজারের প্রসার না হলে সুষ্ঠু কারিগরি মানের বাংলাদেশি সিনেমা নির্মাণ অসম্ভব প্রায়।
এক্ষেত্রে একটি বিষয় খুব গভীর ভাবে আমরা লক্ষ্য করেছি যে, বর্তমানে যেভাবে বাংলাদেশি চলচ্চিত্রগুলো সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পরিবেশিত হচ্ছে তাতে বাংলাদেশের প্রযোজনা সংস্থা সত্যিকারের লাভের মুখ দেখছে না।
এর পরিবর্তন ঘটিয়ে ‘মিডিয়া মেজ’ নিজস্ব বিপনণ কৌশল প্রয়োগ করে এমন একটি পরিবেশনা পদ্ধতির চর্চা করতে চায় যেন বাংলাদেশে সিনেমার প্রযোজক-পরিচালক গণ দৃশ্যমান ন্যায্য লভ্যাংশ পেতে পারেন।
এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফিল্ম বিষয়ক উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম করার পরিকল্পনা আছে মিডিয়া মেজ-এর।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড: কামরুল হাসান, দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান, নাট্য নির্দেশক মোহাম্মদ আলী হায়দার, চলচ্চিত্র পরিচালক শিহাব শাহিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা কামাল রাজ, নাট্য পরিচালক শহীদ উন নবী এবং শুভ্যানুধায়ী বন্ধু ও সাংবাদিকগণ।
মিডিয়া মেজ জানায় প্রাথমিকভাবে তাদের কাজ চলচ্চিত্র প্রযোজনাসহ পুরো মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার প্রসার, প্রচারণা ও পরিবেশনা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ অন্যত্র চলচ্চিত্রের প্রিমিয়ার শোয়ের আয়োজন করা।
ভিজ্যুয়াল মিডিয়ার সম্ভাবনাময় প্রজেক্ট সমুহকে বিনিয়োগকারীর কাছে উপস্থাপন এবং বিনিয়োগ সম্ভাবনা তৈরি করা।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুটিংয়ে আগ্রহী বাংলাদেশী প্রযোজনা টিমের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। সেই সাথে বিদেশের মাটিতে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা।
