নির্মাতা নিজেই যখন ফ্রেমে
নির্মাতা থেকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেন নির্মাতা মারিয়া আফরিন তুষার।
নিজের নির্মিত টেলিফিল্ম ‘অতঃপর’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা মারিয়া আফরিন তুষার। সম্প্রতি উত্তরা, দিয়াবাড়িসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
‘অতঃপর’ টেলিফিল্মে মারিয়ার সহ-অভিনেতা হিসেবে কাজ করছেন অভিনেতা শ্যামল মাওলা ও সাঞ্জু জন। এছাড়াও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আব্দুল্লাহ রানাসহ অনেকে।
নির্মাতা থেকে অভিনয় প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, “ ‘অতঃপর’ চ্যানেল আই ও সহকর্মীদের উৎসাহে অভিনয় করেছি।এখন কতটুকু পেরেছি দর্শক বিচার করবেন। আমি আমার সাধ্যমত সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গল্পটিও সুন্দর আশা করি সবার ভালো লাগবে।”
আগামী ৪ এপ্রিল টেলিফিল্মটি চ্যানেল আইয়ে প্রচারের কথা রয়েছে।
নির্মাতা মারিয়া আফরিন তুষার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গ্রাস’। শিগগিরই তিনি শুরু করতে যাচ্ছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘জাত’ নির্মাণ কাজ। ইতিমধ্যেই চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
